চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’, সি উইল নট কামব্যাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (০৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।
তিনি আরও বলেন, দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।
আরও পড়ুন: পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: রয়টার্স
উল্লেখ্য, আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বর্তমানে তিনি প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন।
অন্যদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
/এসআইএন