ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
ফাইল ছবি
রাজধানীতে বাতাসে দূষণের মাত্রা 'অস্বাস্থ্যকর' পর্যায়ে থাকে। শীত এলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। বায়ুমান সূচকে ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা 'খুবই অস্বাস্থ্যকর' অবস্থায় আছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণির বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। বায়ুমান সূচকে এলাকাটির স্কোর ২১৩। 'খুবই অস্বাস্থ্যকর' অবস্থায় আছে পুরান ঢাকার বেচারাম দেউড়িও, আইকিউএয়ার স্কোর ২০২।
বায়ুমান সূচকে ২৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৯৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। ১৮৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের পাকিস্তানের করাচি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে আইকিউএয়ার।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘সহনীয়’ ধরা হয়।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া, স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
/এএম