চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১, তবে কি অনিশ্চয়তায় বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের কপ-৩১ জলবায়ু শীর্ষ সম্মেলন। এতে অংশ নেয় বিশ্বের প্রায় ২০০টি দেশ। পরিবেশ ও জলবায়ুর প্রেক্ষাপটে আলোচনায় প্রধান বিষয়গুলোর সামগ্রিক সমাধান কতটুকু আসলো, এমন প্রশ্নও আসে সম্মেলন শেষে। তবে জীবাশ্ম জ্বালানি এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিয়ে মতবিরোধ যে মেটেনি, এটা স্পষ্ট। হয়নি কোনো চুক্তিও।
তাহলে চুক্তি-সমঝোতা ছাড়াই বৈশ্বিক নেতৃবৃন্দের এই বড় মিলনমেলার প্রাপ্তিই বা কী? কপ'র রং কি একেবারেই ফিকে হয়ে গেলো? এমনটা হওয়ার কারণই বা কী?
চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ কপ-৩১
মূলত, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জেরে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে এবারের সম্মেলন। হতাশা নিয়ে ফিরেছেন বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। কোনো চুক্তি ছাড়াই সম্মেলনের এমন সমাপ্তিকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন পরিবেশবিদরা।
গত ২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে, মতবিরোধের কারণে আলোচনা গড়ায় রোববার পর্যন্ত। রাতভর দর-কষাকষি, একের পর এক খসড়া সংশোধন এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকেও বিরোধ মেটেনি। নির্ধারিত সময়ের পর ৪৪ ঘণ্টার বেশি আলোচনা চলে।
শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ কয়েকটি দেশ সভাপতিমণ্ডলীর প্রস্তাবিত খসড়ায় আপত্তি জানায়। ফলে সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম ঘোষণা করেন, প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণের মতো ঐকমত্য তৈরি হয়নি। ‘আন্তালিয়া প্যাক্ট’ নামে পরিচিত খসড়াটি গৃহীত হয়নি। ফলে চুক্তি ছাড়াই সম্মেলন শেষ করতে হচ্ছে।
ব্যর্থতার প্রধান কারণগুলো
সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল প্রস্তাবিত চূড়ান্ত চুক্তি, যা ‘ কভার ডিসিশন’ নামে পরিচিত, তা থেকে জীবাশ্ম জ্বালানির বাদ পড়া । এর উদ্দেশ্য ছিল দেশগুলোর জলবায়ু কার্যক্রমের জন্য রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করা। তবে, চূড়ান্ত খসড়াটিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত ছিল না।
সম্মেলনের শেষ মুহূর্তে সবচেয়ে বড় বিরোধের জায়গা হয়ে ওঠে জীবাশ্ম জ্বালানি। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি দেশ।
অন্যদিকে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে শক্ত ভাষা যুক্ত করা সম্ভব হয়নি। ২২ নভেম্বর ভোরে প্রকাশিত সর্বশেষ ১০ পৃষ্ঠার খসড়ায় ‘ফসিল ফুয়েল’, ‘কয়লা’, ‘তেল’ কিংবা এসব জ্বালানির ব্যবহার বন্ধ করার মতো শব্দই ছিল না।
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটির কথা স্মরণ করা হয়েছে মাত্র। কিন্তু কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে কমানো বা বন্ধ করার কোনো সময়সীমা কিংবা নতুন কর্মপরিকল্পনা রাখা হয়নি।
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন ছিল সম্মেলনের অন্যতম বড় বিরোধের জায়গা। উন্নত দেশগুলোর শিল্পায়ন ও দীর্ঘদিনের কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতি বাড়লেও সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশসহ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। এসব দেশের দাবি ছিল, অভিযোজন, দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি সামাল দিতে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত অর্থ দিতে হবে।
এদিকে উন্নয়নশীল দেশগুলো ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানায়। আগের আলোচনায় অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রস্তাবও ছিল। কিন্তু সর্বশেষ খসড়ায় নির্দিষ্ট ১২০ বিলিয়ন ডলারের অঙ্কটি রাখা হয়নি। অর্থের উৎস, কোন ভিত্তিবছরের তুলনায় অর্থায়ন বাড়বে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো কীভাবে সেই অর্থ পাবে, সে বিষয়েও স্পষ্ট নিশ্চয়তা ছিল না। ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়নেও নতুন কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি যুক্ত হয়নি।
এ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সর্বশেষ খসড়ায় এই তাপমাত্রার সীমা সাময়িকভাবে অতিক্রমের ঝুঁকির কথা স্বীকার করা হয়েছে। তবে সেই সীমার নিচে ফিরে আসার বিশ্বাসযোগ্য পথনকশা নিয়ে দেশগুলো একমত হতে পারেনি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আশঙ্কা, এ লক্ষ্য দুর্বল হলে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতিমণ্ডলী তিন দফায় খসড়া সিদ্ধান্ত প্রকাশ করে। প্রথম খসড়ায় ১৪৪টি অনুচ্ছেদ ছিল। পরে দ্বিতীয় খসড়ায় তা কমিয়ে ৮০টি করা হয়।
তৃতীয় খসড়ায় অনুচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতার চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পায়নি। সমাপনী অধিবেশনেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল অধিবেশনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করলে সভাপতি মুরাত কুরুম তাকে বসতে বলেন। এ ঘটনা নিয়ে অধিবেশনে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।
শেষ পর্যন্ত কুরুম জানান, নতুন কোনো খসড়া আর প্রকাশ করা হবে না। ঐকমত্য না হওয়ায় প্রস্তাবিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি। আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত ও বিদ্যমান অঙ্গীকার বহাল থাকবে।
জীবাশ্ম জ্বালানি বিতর্কটি যে কারণে এত গুরুত্বপূর্ণ
কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস হলো মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের বৃহত্তম উৎস। এই জ্বালানিগুলো পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস নির্গত হয়, যা বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা সীমিত করতে এবং চরম আবহাওয়ার ঝুঁকি কমাতে জীবাশ্ম জ্বালানি থেকে নির্গমন হ্রাস করা অপরিহার্য। কপ-৩১ এর মতবিরোধটি গুরুত্বপূর্ণ, কারণ দেশগুলো এই জ্বালানিগুলোর ওপর নির্ভরতা কমানোর জন্য একটি শক্তিশালী সম্মিলিত দিকনির্দেশনার বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছে।
কিছু দেশ ও পরিবেশবাদী গোষ্ঠী যুক্তি দেখিয়েছে যে, এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে।
কাজেই কপ সম্মেলনের মতো বৈশ্বিক ইভেন্টে জীবাশ্ম জ্বালানি ইস্যু হালকা ভাবে নেওয়া মানে, গুরুত্বপূর্ণ 'কী-ওয়ার্ড' ছাড়াই আলোচনা চালিয়ে নেওয়া। এর ফলাফলই হলো চুক্তিতে না পৌঁছানো।
জলবায়ু অর্থায়ন: দরিদ্র দেশগুলো কেন উদ্বিগ্ন
আলোচনা চলাকালীন অর্থ ছিল আরেকটি বড় বাধা। ক্রমবর্ধমান তাপমাত্রা, খরা, বন্যা এবং উপকূলীয় ক্ষতির মতো জলবায়ুগত প্রভাব মোকাবেলার জন্য উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন। অনেকে যুক্তি দিয়েছেন যে ধনী দেশগুলোর, যারা ঐতিহাসিক কার্বন নিঃসরণে বেশি অবদান রেখেছে, তাদের আরও বেশি সহায়তা প্রদান করা উচিত।
কপ-৩১ এর আলোচনায় অর্থায়ন সংক্রান্ত অমীমাংসিত প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়নি, যার মধ্যে অন্যতম ছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলো কী পরিমাণ আর্থিক সহায়তা পাবে সেই প্রশ্ন।
এটি সেইসব দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যারা গুরুতর জলবায়ু ঝুঁকির সম্মুখীন কিন্তু সম্প্রদায়, অবকাঠামো এবং জীবিকা রক্ষার জন্য তাদের সীমিত সম্পদ রয়েছে।
চরম আবহাওয়ার অবনতির প্রেক্ষাপটে কপ-৩১ এর ব্যর্থতার তাৎপর্য কী?
জাতিসংঘ সতর্ক করেছে যে, বিশ্ব প্রাক-শিল্প যুগের তুলনায় দীর্ঘমেয়াদী উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অতিক্রম করার পথে রয়েছে।
বিজ্ঞানীদের অনুমান, বর্তমান নীতি ও প্রতিশ্রুতি অনুযায়ী এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা ২.৭ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরিণতিগুলোর মধ্যে রয়েছে— তীব্র তাপপ্রবাহ, ভারী বৃষ্টিপাত ও বন্যা, খরা ও পানির সংকট, খাদ্য ব্যবস্থার ওপর বর্ধিত চাপ ও ক্রমবর্ধমান ব্যয়সহ আনুষঙ্গিক আরও কিছু পরিবেশগত নেতিবাচক আবহ।
কপ-৩১ এর পরে কী হবে?
এই সম্মেলনে অমীমাংসিত বিষয়গুলো জাতিসংঘের জলবায়ু আলোচনার পরবর্তী পর্বে উত্থাপিত হবে, যা ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন বিষয়ে আরও সুস্পষ্ট প্রস্তাব নিয়ে ফিরে আসার জন্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি হবে সেই সম্মেলনে।
আপাতত বৈশ্বিক জলবায়ু শীর্ষক এই মহাসম্মেলনের পরবর্তী পর্বের দিকে তাকিয়ে সবাই। যেখানে দেশগুলো বিদ্যমান প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নতুন করে আলোচনা হতে পারে।
তবে সেই আলোচনার সুদূরপ্রসারী ইতিবাচক ফলাফল আসতে কত দেরী পাঞ্জেরী— এই উত্তর দিতে পারবেন বৈশ্বিক মোড়লরাই। আর তা না হলে নামসর্বস্ব একটি আয়োজনের তকমা হয়ত আরও শক্তভাবে ধারণ করবে 'দ্য কপ'।
সূত্র: গালফ নিউজ
/এমএইচআর