×
Logo

আবহাওয়া

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের ৪ সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরেরর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়।

গত ২০ নভেম্বরও এ সংকেত বহাল রাখা হয়েছিল। ওই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।

ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় এবার সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

/এমএইচআর

Logo