×
Logo

আবহাওয়া

বন্দরে ৩ নম্বর সংকেত বহাল, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম

বন্দরে ৩ নম্বর সংকেত বহাল, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি, দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে– বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। 

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, ঢাকাসহ পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আরেক সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।

যদি কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে 'ভারী বৃষ্টি' বলা হয়। আর যদি বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা 'অতিভারী বৃষ্টি'।

/এএম

Logo