চোখ রাঙাচ্ছে 'আকভান', ৪ সমুদ্রবন্দরে সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তি সঞ্চয় করে চলেছে। অচিরেই এটি রূপ নিতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলে।
বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়— দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'আকভান' সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
এটি সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৮০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৮৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর ২০২৬ দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।
এতে বলা হয়— বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
/এমএইচআর