×
Logo

আবহাওয়া

৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সমুদ্র-নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সমুদ্র-নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আরেক বার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'আকভান' সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৩০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২১০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বুধবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

/এমএইচআর

Logo