বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়— দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাক। অবস্থান করছে।
রোববার দুপুর ১২ টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদফতর বলছে, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
/এমএইচআর