রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ফাইল ছবি
রাজধানীর আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা। দুপুরে ঢাকার কোথাও কোথাও ঝিরিঝিরি ছন্দে নেমেছে বৃষ্টি। আজ আরও অনেকক্ষণ দেখা যেতে পারে এই বর্ষণ ধারাপাত। একইসঙ্গে, বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫১ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এএম