দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মূলত, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে দেশের ৩ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা বিরাজ করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আমবাগানে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়।
এদিকে, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোণ সতর্কবাণী নেই, এসময় কোনো সংকেতও দেখাতে হবে না।
/এমএইচআর