ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে— পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মুরাসু' আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকুলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা নেই। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
/এমএইচআর