×
Logo

আবহাওয়া

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। প্রধানত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রদানকালে আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শুক্র ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। 

আবহাওয়া দপ্তর আরও জানায়, এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে মাত্র ২ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।

/এএ 

Logo