বঙ্গোপসাগরে নিম্নচাপ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। ওই সময় এর অবস্থান ছিল ২১.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এনএ