×
Logo

আবহাওয়া

রাতের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

রাতের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রবৃষ্টির আভাস

ফাইল ছবি

রাতের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আরেক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের উপকূলে থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এএম

Logo