দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ধসের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) দুপুর ১টায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার ২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি ২৪ ঘণ্টায়) বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছে অধিদফতর।
/এনএ