×
Logo

ভ্রমণ

আর্কটিক-অ্যান্টার্কটিকা অভিযানে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

আর্কটিক-অ্যান্টার্কটিকা অভিযানে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ

বিশ্বের দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনসের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে বেঙ্গল ভিসতা ট্যুরস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সহযোগিতায় বাংলাদেশি পর্যটকেরা আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।

সম্প্রতি নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা। সেখানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন নামে পরিচিত, এই অংশীদারত্বের জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসকে ধন্যবাদ জানিয়েছেন বলেন, তার অ্যান্টার্কটিকা অভিযানের স্বপ্ন বাস্তবায়নে ওশানওয়াইডের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে, ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশ থেকে একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল ভিসতা ট্যুরস। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা ওশানওয়াইডের এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণের সুযোগ পাবেন।

বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দিন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।

পরিকল্পিত এই অভিযানে আর্কটিকের বরফাচ্ছাদিত অঞ্চল, হিমবাহ ও ফিয়র্ড দেখার সুযোগ থাকবে। পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে, বন্যপ্রাণী পর্যবেক্ষণ ও তীরে নামার কার্যক্রম নির্ভর করবে আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর।

সালাহউদ্দিন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগেও আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশি পর্যটকদের স্থানীয় পর্যায়ে বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে সহযোগিতা করা। এর মাধ্যমে দেশের পর্যটকদের জন্য বিশেষায়িত অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমে অংশ নেওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

/এএন

Logo