×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে একের পর প্রযুক্তি বিপর্যয়ের নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে একের পর প্রযুক্তি বিপর্যয়ের নেপথ্যে কী?

গেলো সপ্তাহে হঠাৎ বন্ধ হয়ে যায় মাইক্রোসফট। ২ দিন ৭০ টিরও বেশি দেশে বন্ধ থাকে মাইক্রোসফটের আউটলুক, কোপাইলট, টিমস ইত্যাদি। এরপর যুক্তরাষ্ট্রে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় তাদের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) । একই সময়ে বিপর্যয়ের মুখে পড়ে ব্যাংকিং সেবা, এমনকি বন্ধ হয় অ্যাপলের বিভিন্ন সেবাও। অচল হয়ে পরে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা NSA-এর অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক ‘NSANet’। বিপর্যয় এড়াতে পারেনি দেশের টপ টায়ার যোগাযোগ ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তাসংশ্লিষ্ট অত্যন্ত গোপনীয় তথ্য আদান-প্রদান হয়!

ঘটনাগুলো বিচ্ছিন্ন কিন্তু এই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়— আসলে কী ঘটছে যুক্তরাষ্ট্রে? কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা একের পর এক অকার্যকর হয়ে পড়ছে? প্রতিটি বিপর্যয়ের পেছনে রয়েছে আলাদা প্রযুক্তিগত সমস্যা ও ভিন্ন ভিন্ন কারণ। কিন্তু সমস্যা হলো, গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলো যখন এভাবে একের পর এক হঠাৎ অচল হয়ে পড়ে, তখন মানুষের মনে প্রথমেই যে প্রশ্নটি আসে, তা হলো—কেউ কি ইচ্ছাকৃতভাবে এসব ঘটাচ্ছে? কোনো শত্রুপক্ষ কি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে? 

সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও মার্কিন সরকারি কর্মকর্তারা বহু বছর ধরেই এমন একটি ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করে আসছেন, যার নাম দেওয়া হয়েছে ‘সাইবার পার্ল হারবার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে জাপানের আকস্মিক হামলা যেমন যুক্তরাষ্ট্রকে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে ফেলেছিল, তেমনি একটি সমন্বিত সাইবার হামলা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারে, এমনকি পুরো সমাজব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। 

তেহরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে এফবিআই, সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (CISA), NSA এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে। তাদের আশঙ্কা, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যবহৃত প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার এবং অন্যান্য অপারেশনাল প্রযুক্তিকে লক্ষ্যবস্তু করছে। 

এরই মধ্যে গত মাসে ফ্রান্সে সাইবার হামলার কারণে ৭০০’র অধিক সুপারমার্কেটের রেফ্রিজারেটরের তাপমাত্রা পরিবর্তিত হয়ে যায়। এর ফলে নষ্ট হয় কোটি ইউরোর খাদ্যপণ্য। এটি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সাইবার হামলা শুধু ওয়েবসাইট হ্যাকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থায়।  

কিন্তু যুক্তরাষ্ট্রে যা হয়েছে তাকে দৃঢ় ভাবে সাইবার হামলা বলার উপায় নেই। যেসব প্রতিষ্ঠান ও সংস্থার সেবা বন্ধ হয়েছিল, তাদের কেউই এখন পর্যন্ত হ্যাকারদের দায়ী করেনি। বরং মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কোনো রাষ্ট্র এসব ঘটনার পেছনে নেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন জানান, “এটি কোনো সাইবার হামলা নয়। কোনো রাষ্ট্রের সমন্বিত উদ্যোগেও এসব ঘটনা ঘটেনি।”  

সাইবার হামলার সম্ভাবনা যখন অনেকটাই নাকচ হয়ে গেল, তখন আলোচনার কেন্দ্রে চলে এল আরেকটি বিষয়—কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। প্রশ্ন উঠল, এসব বিপর্যয়ের পেছনে কি সরাসরি কিংবা পরোক্ষভাবে AI-এর কোনো ভূমিকা রয়েছে? জানা যায়, বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য FAA নতুন একটি AI-সহায়তাপ্রাপ্ত প্রযুক্তি চালু করেছিল। এর নাম Strategic Management of Airspace, Routes and Trajectories (SMART)। দেশজুড়ে বিমান চলাচল বিপর্যয়ের কয়েক দিন আগেই এই প্রযুক্তি ব্যবস্থায় যুক্ত করা হয়েছিল।

তাই অনেকের মনে প্রশ্ন জাগে, নতুন AI-নির্ভর ব্যবস্থাটি কি পুরোনো প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি করেছে? অথবা পুরোনো ও নতুন ব্যবস্থার মধ্যে এমন কোনো সংঘাত তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত পুরো বিমান চলাচল ব্যবস্থাকে অচল করে দিয়েছে?

তবে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই সম্ভাবনা নাকচ করে দেন। তাঁর দাবি, নতুন AI প্রযুক্তিটি মূল রাডার ও বিমান ট্র্যাকিং ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। অন্যদিকে FAA এই বিপর্যয়ের জন্য একটি নতুন রাউটারকে দায়ী করেছে। 

গত এক সপ্তাহের ঘটনাগুলো আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থা এখন এমন কিছু জটিল প্রযুক্তিগত নেটওয়ার্কের ওপর নির্ভরশীল, যেগুলোর সামান্য ত্রুটিও পুরো সমাজকে বিপর্যস্ত করে দিতে পারে।

একটি রাউটারের সমস্যা বিমান চলাচল বন্ধ করে দিতে পারে। একটি নেটওয়ার্কের ত্রুটি জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যাহত করতে পারে। ব্যাংকিং ব্যবস্থার সাময়িক অচলাবস্থা কোটি মানুষের দৈনন্দিন লেনদেনকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। আধুনিক হতে হতে আমরা আমাদের সিস্টেমকে এমন প্রযুক্তি নির্ভর করছি যেগুলোর সামান্য ত্রুটিও পুরো সমাজকে বিপর্যস্ত করে দিতে পারে।  

গত কয়েক সপ্তাহে নিরাপত্তা গবেষকেরা AI ব্যবহার করে PHP ও Java প্রোগ্রামিং ভাষার গুরুত্বপূর্ণ কিছু ত্রুটি শনাক্ত করেছেন। এই দুটি প্রযুক্তি হাজার হাজার প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সফটওয়্যার ব্যবস্থায় ব্যবহৃত হয়।

এখানেই আসে নতুন বিপদের শঙ্কা। AI যদি অল্প সময়ের মধ্যে হাজার হাজার সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে পারে, তাহলে সাইবার অপরাধীরাও একই প্রযুক্তি ব্যবহার করে অসংখ্য নতুন হামলার পথ খুঁজে পেতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে সেই তুলনায় আরও দ্রুত নিজেদের সফটওয়্যার হালনাগাদ ও ত্রুটিমুক্ত করতে হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে প্রতিরক্ষাব্যবস্থা একসঙ্গে হাজার হাজার নতুন সাইবার হামলা সামাল দিতে গিয়ে কার্যত ভেঙে পড়বে। কেউ কেউ এই সম্ভাবনাকে ‘সাইবার অ্যাপোক্যালিপস’ বা সাইবার মহাপ্রলয় বলেও বর্ণনা করছেন।

সব মিলিয়ে, গত সপ্তাহের ঘটনাগুলো আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে: যে প্রযুক্তির ওপর নির্ভর করে আধুনিক রাষ্ট্র ও সমাজ এগিয়ে যাচ্ছে, সেই প্রযুক্তিই এখন সবচেয়ে বড় দুর্বলতার জায়গাগুলোর একটি হয়ে উঠতে পারে।

ডিজিটাল ও সাইবারস্পেস পলিসি প্রোগ্রামের পরিচালক অ্যাডাম সেগালের বিশ্লেষণ হতে

/এমএইচআর

Logo