×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

এআইয়ের সাহায্যে ১৭০ বছরের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

এআইয়ের সাহায্যে ১৭০ বছরের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে গণিতের সবচেয়ে কঠিন ও বিখ্যাত সমস্যাগুলোর একটি সমাধানের দাবি করেছেন অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রায় ১৭০ বছর ধরে অমীমাংসিত এই সমস্যাটি গণিতের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হিসেবে পরিচিত।

শুক্রবার (২০ নভেম্বর) লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় তিনি ‘রিম্যান হাইপোথিসিস’ নামের সমস্যাটির প্রমাণ তৈরি করেছেন। 

তবে, রিম্যান হাইপোথিসিসের প্রমাণ তৈরিতে ক্লডের এমন একটি সংস্করণ ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।

তার দাবি, সঠিক প্রমাণিত হলে এটি গণিতের ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হবে। তবে, এখনও বিশেষজ্ঞরা তার দেওয়া প্রমাণ যাচাই করে দেখেননি।

রিম্যান হাইপোথিসিস জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যানের নামে নামকরণ করা হয়েছে। এটি মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টন নিয়ে একটি গাণিতিক ধারণা।

মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যা শুধু ১ এবং নিজে দিয়ে নিঃশেষে বিভাজ্য। উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ ভিত্তি এই সংখ্যাগুলো। তাই সমস্যাটির সমাধান হলে গণিতের বিভিন্ন ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে। 

আলপোগের তৈরি সম্পূর্ণ গাণিতিক প্রমাণটি লিন নামের একটি প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছে। গণিতের প্রমাণ যাচাইয়ের কাজে এই ভাষা ব্যবহার করা হয়। প্রমাণটির লিখিত রূপ ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি।

এদিকে, সম্প্রতি এআই প্রতিষ্ঠানগুলো কঠিন গাণিতিক সমস্যা সমাধানে নিজেদের সক্ষমতা দেখানোর চেষ্টা করছে।

এর আগে, গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করেছিল, তাদের কর্মীরা এআই ব্যবহার করে নেভিয়ার-স্টোকস সমীকরণের একটি জটিল সমস্যার অংশবিশেষ সমাধান করেছেন। মাত্র ৮৮ ঘণ্টায় এ অগ্রগতি এসেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এ কাজে ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করা হয়েছিল। এসব এজেন্ট কিছুটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে, ওপেনএআইয়ের প্রকাশ করা প্রমাণ এখনও বিশেষজ্ঞদের মাধ্যমে সঠিক বলে নিশ্চিত হয়নি। এ নিয়ে গণিতবিদদের মধ্যে সমালোচনাও তৈরি হয়েছে। অন্যদিকে, অ্যানথ্রপিকও গণিত ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রগতির দাবি করেছে।

এদিকে, গণিতবিদদের একটি দল বলেছে, নিজেদের পণ্যের সক্ষমতা দেখাতে এআই প্রতিষ্ঠানগুলোর বড় বড় গাণিতিক সমস্যা সমাধানের দাবি গণিতবিজ্ঞানের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের মতে, এআই ব্যবহারের উদ্দেশ্য এবং এর ফলাফলের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে।

এর এক মাস পর ওপেনএআই আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান, প্রমাণ অথবা উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করে।

তবে, এসব দাবির সত্যতা যাচাই করতে বিশেষজ্ঞদের কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

তথ্যসূত্র: বিবিসি 

/এএন





Logo