×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনা কোম্পানির কাছে এনভিডিয়া-এএমডির এআই চিপ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

চীনা কোম্পানির কাছে এনভিডিয়া-এএমডির এআই চিপ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়া ও এএমডির তৈরি প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত, ছয় মাসে এসব চিপ রপ্তানির অনুমতি দেয় মার্কিন বাণিজ্য বিভাগ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এ তথ্য প্রকাশ করেছে।

কমিটির দেয়া তথ্য অনুযায়ী, মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রফতানি অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির জন্য ৪ হাজার চিপের অনুমোদন দেয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব প্রতিষ্ঠানই পেন্টাগনের তালিকায় চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।

চিপ রফতানির লাইসেন্সসংক্রান্ত এত বিস্তারিত তথ্য প্রকাশের ঘটনা বেশ বিরল। বিশেষকরে, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত এক চীনা গুপ্তচরের সম্পর্কের অভিযোগ সামনে আসার পর ওয়াশিংটনে চীনের প্রতি আরও কঠোর অবস্থান নেয়ার দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের চীননীতি ও প্রযুক্তি রফতানির সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনার মুখে পড়েছে।

প্রকাশিত নথিতে দেখা গেছে, ওই ছয় মাসে চীনে ৩৪ লাখের বেশি এআই চিপ রফতানির অনুমতি চেয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। তবে অনুমোদন পাওয়া চিপগুলোর মধ্যে ঠিক কতগুলো শেষ পর্যন্ত চীনে পৌঁছেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অনুমোদিত চিপগুলোর মধ্যে ছিল এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডির সমমানের এমআই৩২৫এক্স মডেল।

জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক অভিযোগের পাশাপাশি এনভিডিয়ার এআই চিপ চোরাচালানের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, এনভিডিয়ার কিছু এআই চিপ অবৈধভাবে চীনে পাচার করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এতে চীনের প্রযুক্তিগত অগ্রগতি ও সম্ভাব্য সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এইচ২০০ চিপ রফতানির লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ২০২৬ সালের জানুয়ারিতে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি বিধিমালা অনুসরণ করা হচ্ছে। এতে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বেশ কিছু অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এসব শর্ত পূরণ করতে পারলে আবেদনগুলো সরাসরি বাতিল না করে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা এবং চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, চীনে পাঠানোর অনুমোদন পাওয়া এআই চিপের ৩০ শতাংশেরও বেশি এমন প্রতিষ্ঠানের কাছে যাওয়ার কথা, যাদের চীনের সামরিক প্রতিষ্ঠানের তালিকায় রেখেছে মার্কিন যুদ্ধ বিভাগ। তার মতে, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাণিজ্য বিভাগ এসব লাইসেন্স অনুমোদনের আগে আদৌ যথাযথ পর্যালোচনা করেছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চিপ রফতানির অনুমোদনগুলো কঠোর শর্ত এবং সীমিত পরিমাণের ভিত্তিতে দেয়া হয়েছিল। তবে কিছু লাইসেন্স পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি চীনে এইচ২০০ চিপ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে।

অন্যদিকে, এএমডি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রযোজ্য রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান মেনেই তারা ব্যবসা পরিচালনা করে। বিশ্বজুড়ে তাদের কার্যক্রমে এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে কঠোর প্রক্রিয়াও রয়েছে।

/এআই 

Logo