×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

বৈদ্যুতিক চিরুনি ব্যবহারে চুল গজানোর দাবি চীনা বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

বৈদ্যুতিক চিরুনি ব্যবহারে চুল গজানোর দাবি চীনা বিজ্ঞানীদের

টাক পড়া ও চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক ধরনের বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবনের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ‘ডিট্যাঙ্গল’ নামের এই বিশেষ চিরুনি ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুততর হতে পারে। প্রচলিত চিকিৎসাপদ্ধতির তুলনায় এটি চুল পুনরায় গজানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকর বলেও দাবি গবেষকদের। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এ পর্যন্ত শুধু ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়েছে।

বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। তাদের ধারণা, মানুষের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা পুরুষদের পরিচিত বংশগত টাক পড়ার সমস্যার চিকিৎসায়ও এটি কার্যকর হতে পারে। 

চলতি মাসে, নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় চিরুনিটির কার্যপদ্ধতি ও পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়েছে।

‘কম্বিং-ট্রিগার্ড ইলেকট্রোস্টিমুলেশন সিঙ্ক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‍্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’ শিরোনামের গবেষণায় বলা হয়েছে, ডিট্যাঙ্গল চিরুনি প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের চেয়েও ভালো ফল দিয়েছে। মিনোক্সিডিল জনপ্রিয় ‘রোগেইন’ নামের চুল পড়া রোধের চিকিৎসাপণ্যের সক্রিয় উপাদান।

ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিশেষ বৈদ্যুতিক ইলেকট্রোড এবং ওষুধ বহনকারী অণু সংযুক্ত করা হয়েছে। উচ্চতার পার্থক্য রেখে তৈরি এসব ইলেকট্রোড চুলের গোড়ার ফলিকলের আশপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। এর মাধ্যমে চুলের গোড়ায় প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়া এবং বৈদ্যুতিক উদ্দীপনা তৈরির ব্যবস্থা করা হয়েছে।

গবেষকদের ভাষ্য, পুরুষদের বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করা ইঁদুরের ওপর পরীক্ষায় চিরুনিটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। প্রচলিত মিনোক্সিডিল ব্যবহারে যেখানে চুল পুনরুদ্ধারের হার প্রায় ৭০ শতাংশ ছিল, সেখানে ডিট্যাঙ্গল ব্যবহারে এক মাসের মধ্যে তা প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা লিখেছেন, প্রচলিত মিনোক্সিডিলের তুলনায় নতুন ব্যবস্থাটি চুল পুনরুদ্ধারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে এই ফলাফল কেবল ইঁদুরের ওপর চালানো পরীক্ষার ভিত্তিতে পাওয়া গেছে; মানুষের ক্ষেত্রে একই ধরনের ফল মিলবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পুরুষদের বংশগত টাক পড়ার সমস্যা বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত। যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের তথ্য অনুযায়ী, জীবনের কোনো না কোনো পর্যায়ে ৮০ শতাংশ পর্যন্ত পুরুষ এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। চুল হারানোর কারণে অনেকের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, পাশাপাশি জীবনযাত্রার মানও ক্ষতিগ্রস্ত হয়।

সমস্যাটি ব্যাপক হলেও এর চিকিৎসার সুযোগ এখনো সীমিত। বর্তমানে চুল পড়া কমানো ও নতুন চুল গজাতে মিনোক্সিডিল বহুল ব্যবহৃত একটি ওষুধ। তবে ব্যক্তিভেদে এর কার্যকারিতায় পার্থক্য দেখা যায়। ফল পেতে কখনো কখনো এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এ ছাড়া চিকিৎসার সুফল ধরে রাখতে দীর্ঘমেয়াদে, এমনকি অনির্দিষ্টকাল পর্যন্ত ওষুধটি ব্যবহার চালিয়ে যেতে হয়।

মিনোক্সিডিল ব্যবহারে মাথার ত্বকে জ্বালাপোড়া হতে পারে। কিছু ব্যবহারকারী চিকিৎসা চলাকালে মাথাব্যথা বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

চুল পড়ার চিকিৎসায় আরেকটি পরিচিত ওষুধ ফিনাস্টেরাইড, যা ‘প্রোপেশিয়া’ নামে বাজারজাত করা হয়। টাক পড়ার প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হয়েছে। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন সক্ষমতাজনিত সমস্যা, বিশেষ করে উত্থানজনিত জটিলতা এবং বিষণ্নতা।

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টের জনপ্রিয়তাও বেড়েছে। এ পদ্ধতিতে মাথার পেছন ও দুই পাশের মতো যেসব স্থানে সাধারণত চুল পড়ার প্রবণতা কম, সেখান থেকে চুলের ফলিকল সংগ্রহ করে টাক পড়া অংশে প্রতিস্থাপন করা হয়। কার্যকর হলেও পদ্ধতিটি বেশ জটিল, ব্যথাদায়ক এবং ব্যয়বহুল হতে পারে।

তবে ডিট্যাঙ্গল চিরুনির ক্ষেত্রে এখনো মানুষের ওপর কার্যকারিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও ইঁদুরের ওপর পরীক্ষা নতুন চিকিৎসাপদ্ধতির সম্ভাব্য কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে প্রয়োগের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো, মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে প্রযুক্তিটির নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা। এসব পরীক্ষার ফল ইতিবাচক হলেই কেবল চুল পড়ার চিকিৎসায় বৈদ্যুতিক চিরুনিটির বাস্তব প্রয়োগের সম্ভাবনা তৈরি হবে। আপাতত তাই এটিকে টাক পড়ার নিশ্চিত চিকিৎসা না ভেবে সম্ভাবনাময় একটি পরীক্ষামূলক প্রযুক্তি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

/এআই

Logo