এনভিডিয়া থেকে হুয়াং সরে গেলে কে হবেন পরবর্তী সিইও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্ববাজারে আধিপত্য বিস্তারকারী চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার কথা। এমন পরিস্থিতিতে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস এবং প্রকৌশলী ইয়ান বাকের নাম।
সম্প্রতি জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের নতুন অভিযোগ ওঠার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক থাকার তথ্য প্রকাশ্যে আসে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াং কখনও আনুষ্ঠানিকভাবে নিজের উত্তরসূরি মনোনীত করেননি। তবে বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের ধারণা, স্বল্পমেয়াদে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ক্রেস ও বাক সবচেয়ে এগিয়ে রয়েছেন।
২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন ৫৯ বছর বয়সী ক্রেস। এর আগে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি হুয়াংয়ের সঙ্গে নিয়মিত আয়সংক্রান্ত সংবাদ সম্মেলনেও অংশ নেন। ফলে সংকটের সময়ে তাকে অন্তর্বর্তীকালীন সিইও করার পক্ষে রয়েছেন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য।
অন্যদিকে, প্রযুক্তিগত নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে ইয়ান বাককে। ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া এই প্রকৌশলী প্রতিষ্ঠানটির সিইউডিএ (CUDA)সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি হাইপারস্কেল এআই বিভাগের পণ্যপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও রয়েছে তার।
বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার ভবিষ্যৎ প্রযুক্তিগত অবস্থান ধরে রাখতে একজন প্রকৌশলীকে স্থায়ী সিইও হিসেবে বেছে নিতে পারে পরিচালনা পর্ষদ। আবার ব্যবসা ও প্রযুক্তি-দুই দিক সামলাতে অন্তর্বর্তীকালীন যৌথ নেতৃত্বের ব্যবস্থাও বিবেচনায় আসতে পারে।
এদিকে, সম্ভাব্য বহিরাগত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আর্মের প্রধান নির্বাহী রেনে হাস। এনভিডিয়ার সাবেক এই নির্বাহীর সেমিকন্ডাক্টর শিল্পে অভিজ্ঞতা রয়েছে।
হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে প্রতিষ্ঠানটি।
/এমএমএইচ