×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সে নজিরবিহীন এক সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের লঙ্ঘনের ফলে প্রায় ৬৩০ কোটি ডলারের (৬.৩ বিলিয়ন) ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বা চুরি হয়েছে। ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটিই সবচেয়ে বড় চুরির ঘটনা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও ব্লকচেইন ফার্মের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইন্যান্সের এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে এই নিরাপত্তা লঙ্ঘনের সূত্রপাত হয়। ওই ল্যাপটপের মাধ্যমে হামলাকারীরা বিন্যান্সের একটি ইন্টারনাল সিস্টেমে প্রবেশাধিকার অর্জন করে এবং অননুমোদিতভাবে বিপুল পরিমাণ সম্পদ সরিয়ে নেয়।

ঘটনার পরপরই ক্রিপ্টো বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে বিটকয়েনের দাম ৩ শতাংশের বেশি কমে ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। একই সঙ্গে ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের মধ্যে ২ হাজার ১৭৮ ডলারে দাঁড়ায়। 

এছাড়া বাইন্যান্সের নিজস্ব টোকেন বিএনবির দাম ৫ শতাংশ কমে ৭০৯ ডলারে নেমে যায়। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেস গ্লোবালের শেয়ার ৪.৮ শতাংশ এবং বিটকয়েন ধারণকারী প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজির শেয়ার প্রায় ৬ শতাংশ দর হারিয়েছে।

তবে ভয়াবহ এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে বিভিন্ন ক্রিপ্টো প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করেছে। বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ই হে জানিয়েছেন, হ্যাকিংয়ের কারণে হওয়া সমস্ত আর্থিক ক্ষতি প্রতিষ্ঠান নিজেই বহন করবে। 

এ ছাড়া টেথার হ্যাকিংয়ের শিকার প্রায় ১৫৭ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ জব্দ করেছে। সার্কেল আটকে দিয়েছে ৮০ কোটি ডলারের বেশি সম্পদ। রিপল প্রায় ২০ কোটি ডলার এবং ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সঙ্গে কাজ করে বিটগো অন্যান্য ফান্ড জব্দ করতে সহায়তা করেছে।

বাইন্যান্স জানিয়েছে, ব্যবহারকারীদের মূল তহবিল নিরাপদ রয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সকল ধরনের জমা ও উত্তোলন স্থগিত রাখা হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধীরা আরও উন্নত উপায়ে হামলা চালাচ্ছে বলে সতর্ক করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, যা ভবিষ্যতের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

/এনএ 

Logo