×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

সিএনএনের প্রতিবেদন

সৌরজগতের বাইরের গ্রহ থেকে প্রথমবার রেডিও তরঙ্গ শনাক্ত, দাবি জ্যোতির্বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

সৌরজগতের বাইরের গ্রহ থেকে প্রথমবার রেডিও তরঙ্গ শনাক্ত, দাবি জ্যোতির্বিজ্ঞানীদের

সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি রেডিও ওয়েভ শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বারজার বলেন, 'আমি জানি, রেডিও সিগন্যালের সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের সন্ধানের বিষয়টি জড়িত। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।'

নতুন এক গবেষণায় এই আবিষ্কারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তবে গবেষণাপত্রটি এখনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। গবেষকদের শনাক্ত করা বারবার ফিরে আসা রেডিও বিস্ফোরণের উৎস হিসেবে ধারণা করা হচ্ছে ‘বেটা পিক্টোরিস বি’ নামের একটি এক্সোপ্ল্যানেটকে।

পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যাসীয় দৈত্য গ্রহটির ভর বৃহস্পতির তুলনায় প্রায় ১২ গুণ। এটি এমন একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যার ভর সূর্যের প্রায় ১ দশমিক ৭৫ গুণ। ওই নক্ষত্রকে প্রদক্ষিণ করা তিনটি গ্রহের মধ্যে 'বেটা পিক্টোরিস বি' অন্যতম।

ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স, হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান-এর গবেষক বারজারের মতে, গ্রহটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়ার কারণেই এই রেডিও ওয়েভ তৈরি হচ্ছে।

বিশেষ করে, এই সিগন্যালের সঙ্গে জড়িত রয়েছে অরোরা। পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে দেখা যাওয়া নর্দার্ন লাইটসের মতো এই আলোকচ্ছটা। গ্রহের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সূর্য থেকে আসা বৈদ্যুতিক চার্জযুক্ত কণার মিথস্ক্রিয়ার ফলে এমন অরোরা তৈরি হতে পারে।

বারজার বলেন, 'আমরা যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত রেডিও ওয়েভ শনাক্ত করেছি, সেগুলো তৈরি হতে হলে অত্যন্ত শক্তিশালী একটি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োজন।'

গবেষণাটির কো-অথর বারজার ও তার সহকর্মীরা, গত ১৫ সেপ্টেম্বর, গবেষণাপত্রটি প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম আরকাইভ-এ প্রকাশ করেন। 

আরকাইভ হলো একটি অনলাইন গবেষণাপত্রের রিপোজিটরি, যেখানে বিজ্ঞানী ও গবেষকেরা পিয়ার রিভিউ শেষ হওয়ার আগেই তাদের গবেষণাপত্র প্রকাশ করতে পারেন।

তবে গবেষণাটি গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণের কথা বললেও, এর ফলাফল এখনো পিয়ার রিভিউয়ের মাধ্যমে যাচাই করা হয়নি।

/এআই 

Logo