১০টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে চীনের ‘ঝুয়েক-টু ই’ রকেটের সফল উৎক্ষেপণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
মহাকাশ বিজ্ঞানে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রকেট ‘ঝুয়েক-টু ই’-এর মাধ্যমে একসঙ্গে ১০টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত দোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষাকেন্দ্র থেকে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। উৎক্ষেপণের পর রকেটটি সফলভাবে মহাকাশে পৌঁছায় এবং বহন করা ১০টি স্যাটেলাইটকে তাদের নির্ধারিত কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করে।
চীনা মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব স্যাটেলাইট মূলত একটি বৃহৎ ‘মেগা-কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে। এ ধরনের মেগা-কনস্টেলেশন নেটওয়ার্ক টেলিযোগাযোগ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন ধরনের মহাকাশভিত্তিক প্রযুক্তিগত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল ‘ঝুয়েক-টু ই’ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন। পুরো উৎক্ষেপণ ও স্থাপন প্রক্রিয়াটি শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দেশটির বাণিজ্যিক মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।
/এএ