×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

বিবিসি'র প্রতিবেদন

এআই দিয়ে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সম্ভাব্য অপব্যবহারের চেষ্টা প্রতিহত করার দাবি অ্যানথ্রপিকের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

এআই দিয়ে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সম্ভাব্য অপব্যবহারের চেষ্টা প্রতিহত করার দাবি অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সম্ভাব্য অপচেষ্টা শনাক্ত-প্রতিহত করার দাবি করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কার্যক্রমের চেষ্টা হয়েছিল, যা 'বায়োলজিকাল ওয়েপন' তৈরিতে সহায়তা করতে পারত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত অ্যানথ্রপিকের সর্বশেষ ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর কাজে এআই ব্যবহারের বেশ কয়েকটি প্রচেষ্টা শনাক্ত করে তা বন্ধ করা হয়েছে।

এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষক ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের ক্রমবর্ধমান সতর্কবার্তার মধ্যেই এই প্রতিবেদন প্রকাশ করলো প্রতিষ্ঠানটি। বিশেষকরে, উন্নত এআই প্রযুক্তি মানবজাতির জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

এ ধরনের উদ্বেগ থেকেই উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িক স্থগিত এবং কৃত্রিম সুপারইন্টেলিজেন্সের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এসব আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন। 

বৃহস্পতিবার তিনি বলেন, 'আমরা যদি এআইয়ে জয়ী না হই, তাহলে আমরা খুব খারাপ অবস্থানে পড়ে যাব।'

অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের এআই মডেল ক্লড হাইকু, সনেট ও অপাস ব্যবহার করে চালানো বিভিন্ন ধরনের ক্ষতিকর কার্যক্রম শনাক্ত ও বন্ধ করা হয়েছে।

এসব অপব্যবহারের মধ্যে ছিল সাইবার হামলা, প্রভাব বিস্তারমূলক প্রচারণা, নজরদারি, প্রতারণা এবং অস্ত্র তৈরির মতো কার্যক্রম। তবে ক্লড ফেবল বা শক্তিশালী মিথোস-ক্লাস মডেল ব্যবহারের কোনো বড় ধরনের অপব্যবহারের ঘটনা পাওয়া যায়নি। 

অ্যানথ্রপিক জানায়, তাদের এআই মডেল ব্যবহার করে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির সক্ষমতা বাড়ানোর মতো কাজে যুক্ত বিজ্ঞানীদের কার্যক্রমও তারা বন্ধ করেছে। প্রতিবেদনে এমন পাঁচটি ঘটনা তুলে ধরা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা এআই মডেলকে এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, যা  'বায়োলজিকাল ওয়েপন' তৈরিতে সহায়তা করতে পারত।

প্রতিষ্ঠানটি বলেছে, উন্নত এআই মডেলের ক্ষেত্রে 'বায়োলজিকাল ওয়েপন' তৈরির প্রযুক্তির অপব্যবহার সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা 'না' থাকলে এ ধরনের সক্ষমতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তবে অ্যানথ্রপিক একই সঙ্গে উল্লেখ করেছে, 'বায়োলজিকাল ওয়েপন' তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন তথ্যই আবার রোগের চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির মতো মানবকল্যাণমূলক কাজেও ব্যবহার করা সম্ভব।

অ্যানথ্রপিকের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জ্যাকব ক্লেইন নিউইয়র্ক টাইমসকে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। 

তার ভাষ্য, কেউ সরাসরি এসে বলছে না যে, তারা সবাইকে হত্যা করার জন্য  'বায়োলজিকাল ওয়েপন' তৈরি করতে চায় বরং অপব্যবহারের বিষয়টি অনেক বেশি সূক্ষ্ম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচলিত অস্ত্র তৈরির ক্ষেত্রেও ক্লড এআইয়ের অপব্যবহারের ছয়টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন, বোমা এবং অন্যান্য সামরিক সরঞ্জামের পাশাপাশি এসব অস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার তৈরির চেষ্টাও ছিল।

অ্যানথ্রপিক আরও অভিযোগ করেছে, চীনের কিছু এআই প্রতিষ্ঠান তাদের ক্লড মডেলের সক্ষমতা নকল করার চেষ্টা করছে। 

পাশাপাশি, রাশিয়াভিত্তিক একটি সাইবার গোয়েন্দা কার্যক্রম এবং ইরানের একটি প্রচারণামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের এআই মডেল ব্যবহারের সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এআই 

Logo