ফিবোনাচ্চি রোবোটিক ও এসটিইএম অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি সামিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবোটিক ও এসটিইএম অলিম্পিয়াড (এফআইআরএসও) ২০২৬-এর সফটটেক বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সামিন ইয়াসার। তার উদ্ভাবিত প্রপার্টি টেকনোলজি অ্যাপ্লিকেশন ‘দরজা’-এর জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
‘দরজা’ একটি থ্রিডি ট্রাস্ট-সক্ষম প্রপার্টি ম্যানেজমেন্ট ও রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা, সম্পত্তি পরিদর্শন ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও আরও স্বচ্ছ উপায়ে সম্পত্তি দেখা, যাচাই এবং ব্যবস্থাপনার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই অর্জনের ফলে সামিন ইয়াসার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্যও নির্বাচিত হয়েছেন। এফআইআরও-এর চূড়ান্ত পর্ব ইতালির রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আন্তর্জাতিক পর্যায়ে তরুণ এই বাংলাদেশি উদ্ভাবকের এমন স্বীকৃতি দেশের জন্যও গর্বের। একই সঙ্গে আন্তর্জাতিক এসটিইএম ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতায় এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
/এনএ