×
Logo

খেলাধুলা

দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে নারী ফুটবল দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে নারী ফুটবল দল

আগামী বছরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছেন বাংলাদেশের মেয়েরা। আগামী ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

রোববার (২৯ নভেম্বর) সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১০৬তম স্থানে থাকা বাংলাদেশ মুখোমুখি হবে ১৪৭তম স্থানে থাকা সিঙ্গাপুরের। র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ৪১ ধাপের ব্যবধান থাকলেও ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশেষ করে নতুন কোচের অধীনে দলের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সফরকে।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে এরিক মেয়ারকে। ক্যানসারে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে থাকতে পারছেন না বাটলার। তার অনুপস্থিতিতে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেয়ার। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি নতুন কোচের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা।

পরিসংখ্যানে সিঙ্গাপুরের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে সিঙ্গাপুরের মাঠে ২-০ গোলে এবং সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও সেই জয়ের ধারা বজায় রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে মারিয়া-ঋতুপর্ণারা।

মারিয়া মান্দার নেতৃত্বে ২৩ সদস্যের স্কোয়াডে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, রুপনা চাকমা ও আফঈদা খন্দকারের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্বপ্না রানী। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হোমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

/এমএইচআর

Logo