×
Logo

খেলাধুলা

সাদা পোশাকের রঙিন মুশফিককে মনে রাখতেই হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

সাদা পোশাকের রঙিন মুশফিককে মনে রাখতেই হবে

২০০৫ সালের ২৬ মে। লন্ডনের এক রৌদ্রোজ্জ্বল সকাল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাগি ক্যাপ মাথায় নিয়ে দেশের হয়ে প্রথমবার মাঠে নামেন এক তরুণ। নাম মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে খুব আহামরি যে কীর্তি গড়েছিলেন, এমনটা না। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ১৯ ও ৩ রান। সেই যে শুরু, এরপর পেরিয়ে গেছে দুই দশকেরও বেশি সময়। এরইমধ্যে দেশের হয়ে রাজকীয় এ ফরম্যাটে সর্বোচ্চ ম্যাচ-রানের রেকর্ডটা নিজের নামে করে নিয়েছেন। লাল বল বা সাদা পোশাকেই শুধু নয়, সাদা বল তথা রঙিন পোশাকেও বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মুশি। স্পেশাল করেছেন নিজের ১৫ নং জার্সিকে। সেই ইংলিশদের বিপক্ষেই থামছেন তিনি। বাংলাদেশ তো বটেই, ক্রিকেট বিশ্বকেও মনে রাখতে হবে মুশফিককে।

সর্বোচ্চ শতক মুশফিকের

ক্যারিয়ারের প্রথম ৫ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি ছিল না মুশফিকের। পরে ক্রমেই নিজেকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে এখন পর্যন্ত ১৪ বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে বাংলাদেশের হয়ে তিনিই যে সর্বোচ্চ শতকের মালিক।

ডাবল সেঞ্চুরির যে ক্যাটাগরিতে বিশ্বে শীর্ষে মিস্টার ফিফটিন

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক। পরে আরও দুবার দ্বিশতকের কৃতিত্ব দেখান তিনি। বাংলাদেশের কারও একাধিক ডাবল সেঞ্চুরি নেই। শুধু তা-ই নয়, কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। আরও ৮জন কিপার টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেও, একাধিকবার এই কৃতিত্ব নেই তাদের।

এক অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে একশ টেস্টের মাইলফলকও স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে শতক করা ব্যাটসম্যানদের তালিকায় নাম তোলেন তিনি।

Mushfiqur Rahim
মুশফিকের সেই রঙচটা টেস্ট ক্যাপ (বা'য়ে) ও লর্ডসে প্রথমবার মিস্টার ডিপেন্ডেবল (ডানে)।

অজি-ইংলিশ বধ অধিনায়ক মুশফিক

২ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে অধিনায়কত্ব করেন মুশফিক। তার নেতৃত্বে ৭ টেস্টে জয় পায় বাংলাদেশ। এছাড়া ড্র করে ৯ ম্যাচ। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ। একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করাদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম।

২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় তারা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে মুশফিকের নেতৃত্বেই জেতে বাংলাদেশ।

মুশফিকের ব্যাটে যত রান

১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ তারকা ব্যাটার।

রঙিন পোশাকেও অনন্য মুশফিক

এ তো গেলো সাদা পোশাকের কীর্তি। ২০০৬ সালের আগস্টে হারারেতে এবং সে বছরের নভেম্বরে খুলনায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের হয়ে অভিষেক হয় তার। দলের বিপদে এই দুই ফরম্যাটেও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন অসংখ্যবার। অবশ্য দেশের রঙিন জার্সিকে আগেই বিদায় বলেছেন তিনি। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের মাধ্যমে সমাপ্তি ঘটবে তার আন্তর্জাতিক অধ্যায়ের।

আচ্ছা, গলে প্রথমবার বাংলাদেশের কোনো ব্যাটারের দুইশো করার সেই স্মৃতিও কি ভুলতে পারবে এদেশের সমর্থকরা? অথবা ওয়েলিংটনে ৫ম উইকেট জুটিতে সাকিবের সাথে সেই ৩৫৯ রানের পার্টনারশিপ? মিস্টার ফিফটিন, একটা ব্যাট আর একজোড়া গ্লাভস, ২১ বছর ধরে লাল সবুজের ক্রিকেটকে শুধু চার-ছয়-সেঞ্চুরি কিংবা দুর্দান্ত কোনো স্টাম্পিং নয়, মুশি শিখিয়েছেন ডিসিপ্লিন আর ধৈর্যের সাথে পরিশ্রম করে গেলে হয়ে ওঠা যায় মিস্টার ডিপেন্ডেবল।

ব্যাটের রানে শতক কিংবা টেস্টের ম্যাচ সংখ্যায় শতক, কিপার ব্যাটারের ডাবল শতকের একক বিশ্ব রেকর্ড— মুশফিককে মনে রাখবে খোদ বিশ্ব ক্রিকেটই।

/এমএইচআর

Logo