×
Logo

খেলাধুলা

৩৮ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান রেসলার ব্রনসন রিড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

৩৮ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান রেসলার ব্রনসন রিড

অস্ট্রেলিয়ান পেশাদার রেসলার ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর), তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। তার প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কী ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, রিংয়ে ব্রনসন রিড ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তবে রিংয়ের বাইরেও তিনি ছিলেন একজন চমৎকার মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ ও মেয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ডব্লিউডব্লিউই।

ব্রনসন রিডের মৃত্যুতে শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে আকিন্স ফোর্ড অ্যারেনায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউইর আয়োজনেও শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠান শুরু হয় তার স্মরণে ১০টি ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে। পরে, ম্যাচে অংশ নিতে গিয়ে কানাডীয় কুস্তিগির কেভিন ওয়েন্সের হাতে দেখা যায় ‘ব্রনসন’ লেখা কালো ব্যান্ড। ম্যাচের একপর্যায়ে দর্শকদের উদ্দেশে প্রয়াত সহকর্মীকে স্মরণ করে বক্তব্য দেন তিনি।

ওয়েন্স বলেন, ব্রনসন রিড রেসলিং উপভোগ করতেন এবং রিংয়ে পারফর্ম করতে ভালোবাসতেন। তবে তার কাছে পরিবারের গুরুত্ব ছিল সবকিছুর ওপরে। এমন শোকাবহ ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, একে অপরের যত্ন নিতে হবে, ভালোবাসতে হবে এবং পরস্পরকে ক্ষমা করতে শিখতে হবে।

ব্রনসনের উদ্দেশে আবেগঘন বক্তব্যে ওয়েন্স আরও বলেন, তাঁকে নিজেদের মধ্যে পাওয়া ছিল সৌভাগ্যের বিষয়। তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।

ডব্লিউডব্লিউই'র সাবেক ও বর্তমান তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অবসরপ্রাপ্ত রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ার লিখেছেন, রেসলিং অঙ্গনের আরও একজনকে অসময়েই হারাতে হলো।

ডব্লিউডব্লিউই হল অব ফেমার ডায়মন্ড ডালাস পেজও ব্রনসনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এক বার্তায় তিনি লেখেন, ব্রনসনের মৃত্যুর খবর পড়ে তিনি মর্মাহত। এ সময় তার মনে পড়ে যায় আরেক প্রয়াত কুস্তিগির এডি গুয়েরেরোর কথা। ব্রনসনের বন্ধু ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন তিনি।

উল্লেখ্য, ‘লাতিনো হিট’ নামে পরিচিত ডব্লিউডব্লিউই তারকা এডি গুয়েরেরোও ২০০৫ সালে মাত্র ৩৮ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদিকে, অস্ট্রেলীয় পেশাদার কুস্তিগির ব্রেন্ডন ভিঙ্ক, যিনি ডিউক হ্যানসন নামে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, জারমেইন।’

রেসলিংবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল আয়োজনের সময় পাওয়া আঘাত থেকে সেরে উঠছিলেন ব্রনসন। ওই অনুষ্ঠানে কোনো ম্যাচে অংশ না নিলেও একটি সংঘর্ষের সময় তাকে মঞ্চ থেকে ছুড়ে ফেলা হয়। পরে টেবিলের ওপর আছড়ে পড়েন তিনি। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রেসলিং ক্যারিয়ারের শুরুতে, স্বাধীন রেসলিং অঙ্গনে জোনাহ রক ও জে-রক নামে পরিচিত ছিলেন জারমেইন হ্যালি। ২০১৯ সালে ডব্লিউডব্লিউই'র সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ২০২১ সালে, সংস্থাটি থেকে বাদ পড়লেও এক বছর পর আবারও ফিরে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত ডব্লিউডব্লিউইর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০২৪ সালে ডব্লিউডব্লিউইর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল’ জেতেন ব্রনসন রিড। রিংয়ে শক্তিশালী উপস্থিতি ও পারফরম্যান্সের কারণে অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

এদিকে, গত কয়েক মাসে রেসলিং অঙ্গনে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান ইংলিশ কুস্তিগির বেঞ্জামিন স্যাটারলি। তবে তার মৃত্যুর কারণও সে সময় প্রকাশ করা হয়নি।

/এআই

Logo