×
Logo

খেলাধুলা

তিন মৌসুম পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

তিন মৌসুম পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা

আইপিএল ২০২৭ মৌসুমে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন রোহিত শর্মা। শুক্রবার (২৭ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিন মৌসুম পর আবারও মুম্বাইয়ের নেতৃত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। এর আগে তার নেতৃত্বেই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

২০২৪ সালের আইপিএল মৌসুমের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তার জায়গায় অধিনায়কত্ব হারান রোহিত। এবার তিন মৌসুম পর আবারও নেতৃত্বের দায়িত্ব ফিরে পেলেন ৩৯ বছর বয়সী এই তারকা।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, দলটির নেতৃত্ব দেওয়া তার কাছে বরাবরই বিশেষ গর্বের বিষয়।

এর আগে, ২০১৩ সালের আইপিএল মৌসুমের মাঝপথে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান রোহিত শর্মা। দায়িত্ব নিয়েই দলকে এনে দেন ফ্র্যাঞ্চাইজিটির প্রথম আইপিএল শিরোপা।

এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আরও চারবার শিরোপা জেতে মুম্বাই। সব মিলিয়ে তার নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় দলটি। এ ছাড়া ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছিল মুম্বাই।

আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় ৯১টি, হার ৬৮টি এবং টাই হয়েছে চারটি ম্যাচ।

/একে/এনএ 

Logo