২০২৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন ব্রুনো ফার্নান্দেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে ২০২৮ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এতে বিদেশি কোনো ক্লাবের সঙ্গে আগাম চুক্তির সম্ভাবনা নিয়ে চলা জল্পনারও আপাতত অবসান হলো।
পেশাদার ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেসের বর্তমান চুক্তির শেষ বছর চলছিল। চুক্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর সঙ্গে পরবর্তী মৌসুমে দলবদলের বিষয়ে আলোচনা করতে পারতেন তিনি।
তবে নতুন চুক্তি নিয়ে আলোচনা স্থগিত রয়েছে বলে সম্প্রতি জানিয়েছিলেন ফার্নান্দেস। এতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তার অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ে। বিশেষ করে প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে থাকা দলটির হতাশাজনক পারফরম্যান্সের কারণে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে বর্তমান চুক্তিতে থাকা এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগটি কাজে লাগিয়েছে ইউনাইটেড। ফলে ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ফার্নান্দেস।
২০২০ সালের জানুয়ারিতে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চলতি সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সাবেক ক্লাবটির বিপক্ষেই জোড়া গোল করেন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার পর দ্রুতই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন ফার্নান্দেস। গত মৌসুমে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চসংখ্যক অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি। তার পারফরম্যান্সে ভর করে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ফেরার সুযোগ পায় ইউনাইটেড।
ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি দুই পক্ষের জন্যই সুবিধাজনক হয়েছে। ভবিষ্যতে নতুন চুক্তি নিয়ে আলোচনার পথও খোলা থাকছে। তবে এই মুহূর্তে ক্লাবের প্রধান অগ্রাধিকার মাঠের ফলাফল উন্নত করা।
প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম শুরুর পর বর্তমানে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত ফার্নান্দেস
শনিবার (২৮ নভেম্বর) প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে ওল্ড ট্রাফোর্ডে এটিই হবে দলটির প্রথম ম্যাচ। তবে অসুস্থতার কারণে ম্যাচটিতে ফার্নান্দেসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুক্রবার অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে ফার্নান্দেসের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পচেত্তিনো বলেন, ‘আমরা এখনো জানি না। পর্তুগাল থেকে আসা একটি ভাইরাসে সে আক্রান্ত হয়েছে। আগের ম্যাচের শেষ দিকে কিছুটা সমস্যাও হয়েছিল। আজ সে অনুশীলনে অংশ নিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘দিনের বাকি সময় এবং শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর তার শারীরিক অবস্থা কেমন থাকে, তা দেখতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। এ ধরনের পরিস্থিতিতে খেলোয়াড়রা স্বাভাবিক বোধ করে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
লিসবনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নাটকীয় ড্র এবং গত সপ্তাহে লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এখনো প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন পচেত্তিনো। তবে পর্তুগালে দলের পারফরম্যান্সের উন্নতি তাকে কিছুটা আশাবাদী করেছে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহের অভিজ্ঞতা জানাতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব ও প্রচুর উদ্যম নিয়ে এগোচ্ছি। তবে ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। আমরা যথাসাধ্য তাদের সহায়তা করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘এই দলের খেলোয়াড়রা ভালো করতে চায়, নিজেদের সেরাটা দিতে চায়। আমাদের কাজ হলো তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।’
এদিকে ফার্নান্দেসের ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুলেছিলেন পর্তুগিজ এই মিডফিল্ডার। এর আগে নতুন চুক্তির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ফার্নান্দেস জানান, দলের ফলাফল ভালো না হওয়া পর্যন্ত চুক্তি নিয়ে আলোচনা অপেক্ষা করতে পারে।
তিনি বলেন, ‘আমি এখন ফলাফল নিয়ে বেশি চিন্তিত। ক্লাবকে আবার এমন অবস্থানে ফিরিয়ে আনতে চাই, যে অবস্থান নিয়ে সবাই গর্ব করতে পারে।’
/এনএ