×
Logo

খেলাধুলা

যোগ করা সময়ে গোল খেয়ে এমএলএস কাপের প্লে-অফ থেকে বিদায় নিলো মেসির মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

যোগ করা সময়ে গোল খেয়ে এমএলএস কাপের প্লে-অফ থেকে বিদায় নিলো মেসির মায়ামি

এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। যোগ করা সময়ের গোলে লিওনেল মেসির দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। যার মধ্য দিয়ে মেসির শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) কলম্বাসের ঘরের মাঠ স্কটস মিরাকল-গ্রাউন্ডে মুখোমুখি হয় দুদল। 

ম্যাচের নির্ধারিত সময় শেষে দুই দল গোলশূন্য থাকায় মনে হচ্ছিল, জয়-পরাজয় নির্ধারিত হবে টাইব্রেকারে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, অর্থাৎ ৯২তম মিনিটে গোল করে সেই সম্ভাবনা উড়িয়ে দেন সান্তিয়াগো রদ্রিগেজ। আনাস জারুরির ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই উল্লাসে মেতে ওঠে স্বাগতিক দর্শকরা।

সিরিজের প্রথম ম্যাচেই মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল কলম্বাস। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে নিশ্চিত করে পরের রাউন্ডে ওঠা। অন্যদিকে, ২০১১-১২ মৌসুমে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুইবার এমএলএস কাপ জয়ের যে স্বপ্ন দেখছিল মায়ামি, তা শেষ হয়ে গেল প্রথম রাউন্ডেই।

প্রথমার্ধে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি খুব বেশি। ২২তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের কাছাকাছি পৌঁছেছিলেন মেসি। মায়ামির জার্মান বের্তেরামেও কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টেকে পরীক্ষায় ফেলেন।

অন্যদিকে, স্প্যানিশ মিডফিল্ডার ব্রাইস মেন্দেজের প্রচেষ্টা ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

বিরতির পর মেসির দুর্দান্ত ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়েছিলেন কাসেমিরো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর মায়ামিকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন বের্তেরামে। গোলপোস্টের খুব কাছ থেকে নেওয়া তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত যোগ করা সময়ে রদ্রিগেজের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

নিয়মিত মৌসুমে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। টানা দ্বিতীয়বারের মতো জিতেছিলেন গোল্ডেন বুটও। কিন্তু প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাসের বিপক্ষে গোলের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা। ফলে শিরোপা ধরে রাখার মায়ামির অভিযানও থেমে গেল।

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত।

/এনএ 

Logo