×
Logo

খেলাধুলা

সাইবার হামলার কবলে ফিফা, গোপন তথ্য হাতিয়ে নেয়ার দাবি হ্যাকারদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

সাইবার হামলার কবলে ফিফা, গোপন তথ্য হাতিয়ে নেয়ার দাবি হ্যাকারদের

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই হামলার মাধ্যমে সংস্থাটির কিছু ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছে হ্যাকাররা। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করার কথা জানিয়েছে ফিফা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, তাদের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এই হামলা হয়নি। বরং কর্মীদের পরিচয় ব্যবহার ও প্রতারণার মাধ্যমে গোপন তথ্যে প্রবেশাধিকার পেয়েছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, ফিফার আর্থিক নথিপত্রসহ অন্যান্য সংবেদনশীল তথ্যও হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে তারা। তবে কী পরিমাণ তথ্য হ্যাকারদের হাতে গেছে, তা এখনও নিশ্চিত করেনি ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে ফিফার এক মুখপাত্র জানান, অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে সংস্থাটি। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।

ওই মুখপাত্র আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফিফা। বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশ গোপনীয়তার গুরুতর লঙ্ঘন, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

রয়টার্সকে ঘটনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ফিফার কাছে থাকা মোট তথ্যের দশমিক ১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো নথি হ্যাকারদের হাতে যায়নি বলে জানিয়েছে সূত্রটি।

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বিক্রির পরিকল্পনা ছিল এই প্রকল্পের আওতায়। এর মাধ্যমে সর্বোচ্চ ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার। তবে ব্যাপক বিরোধিতার মুখে গত জুলাইয়ে পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিতর্কিত এই বিনিয়োগ প্রকল্প নিয়ে আগে থেকেই চাপে রয়েছেন ইনফান্তিনো। এর মধ্যেই সামনে রয়েছে ফিফার সভাপতি নির্বাচন। আগামী বছরের ১৮ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।

এদিকে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয় সংস্থাটি।

দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ফিফার পক্ষ থেকে উয়েফার বিরুদ্ধে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইনফান্তিনোর কর্তৃত্ব দুর্বল করার চেষ্টার অভিযোগ তোলা হয়। তবে আদালত ফিফার সেই যুক্তি প্রত্যাখ্যান করে প্রকল্পের নথিপত্র প্রকাশের নির্দেশ দিয়েছেন।

এদিকে, ঠিক কবে সাইবার হামলার ঘটনা ঘটেছে এবং এতে কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি ফিফা।

/এনএ 


Logo