হতাশার মাঝে সুখবর পেলেন হৃদয়, উন্নতি লিটনেরও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর সেঞ্চুরিয়ন টেস্টেও বাজে সময় পার করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে তালগোল পাকিয়েছে সফরকারী দলের টপ অর্ডার। এখন দলটির সামনে ইনিংস পরাজয়ের শঙ্কা। এরই মধ্যে সুখবর পেলেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় এবং বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
বুধবার (২৫ নভেম্বর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তাওহিদ হৃদয়। মাত্র চারটি টেস্ট খেলেই উঠে এসেছেন ৩৩ নম্বর অবস্থানে। এক লাফে ২৮ ধাপ উন্নতি হয়েছে এই ব্যাটারের। জোহানেসবার্গে সিরিজের টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেন হৃদয়। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে লিটন দাসেরও। ৯ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ২৪ নম্বরে। জোহানেসবার্গ টেস্টে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন। সেঞ্চুরিয়ন টেস্টে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট হাতে নামতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের একাধিক ব্যাটার। তিন ধাপ নেমে ৩৫ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবচেয়ে বেশি পিছিয়েছেন মুমিনুল হক। ১৮ ধাপ হারিয়ে বর্তমানে তার অবস্থান ৫৬তম।
র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় নেই বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান। তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে হাসান মাহমুদ। তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। শীর্ষ পঁচিশে জায়গা হয়নি কোনো বাংলাদেশি বোলারের।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় চার নম্বর স্থানেই রয়েছেন তিনি।
/এএম