×
Logo

খেলাধুলা

ভারতীয় ক্রিকেটে ধর্ম-বিতর্ক: ফর্মের কারণেই সিরাজকে বাদ দেয়ার দাবি গিলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

ভারতীয় ক্রিকেটে ধর্ম-বিতর্ক: ফর্মের কারণেই সিরাজকে বাদ দেয়ার দাবি গিলের

ওয়েলিংটন টেস্টে মোহাম্মদ সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে ভারতে রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ দাবি করেছেন, ধর্মের কারণেই পেসারকে বাদ দেওয়া হয়েছে। যদিও অধিনায়ক শুবমান গিল বলেছেন, সিদ্ধান্তটি ছিল সাম্প্রতিক ফর্ম ও টিম কম্বিনেশনের ভিত্তিতে। খবর হিন্দুস্তান টাইমস'র। 

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর গিল জানান, ম্যাচের আগেই তিনি সিরাজের সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে বাদ পড়ার কারণ জানিয়েছিলেন। একাদশে সিরাজের বদলে খেলেছেন আকাশ দীপ, অংশুল কাম্বোজ ও প্রসিধ কৃষ্ণা।

গিল বলেন, 'আমরা এই ম্যাচের জন্য সেরা বোলিং অ্যাটাক খেলানোর চেষ্টা করেছি। সিরাজ একজন দারুণ খেলোয়াড় ও বোলার। ও ভারতের হয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে সব সময়। সে কিন্তু আমার খুব ভালো বন্ধুও। আমরা একসঙ্গে ডেবিউ করেছি। তাই তাকে বাইরে রাখা আমার জন্যও কঠিন সিদ্ধান্ত ছিল।'

তিনি আরও বলেন, কোন বোলার ফর্মে আছেন এবং কে সবচেয়ে ভালো বোলিং করছেন, সেটাও দল নির্বাচনের সময় দেখতে হয়। প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সময় আসে, যখন তিনি তার সেরা ফর্মে থাকেন না।

সিরাজকে সিরিজের প্রথম টেস্টে বেঞ্চে রাখার পর ভারতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। কংগ্রেস এমপি ইমরান মাসুদ অভিযোগ করেন, পেসারের ধর্মের কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে গিলের বক্তব্য স্পষ্ট, সিরাজের সাম্প্রতিক ফর্মই মূল বিবেচ্য বিষয় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্ট সিরিজে সিরাজের গতি কমে যাওয়ার কথা তিনি নিজেই বলেছিলেন। যেখানে দুই ম্যাচে ২৯ ওভার বোলিং করে মাত্র চার উইকেট পেয়েছিলেন।

/এমএমএইচ


Logo