×
Logo

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসলের সঙ্গে ড্র আর্সেনালের, চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো লিডস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

নিউক্যাসলের সঙ্গে ড্র আর্সেনালের, চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো লিডস

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। শনিবার (২১ নভেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে নিজেদের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি। এদিন ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটিও।

সেন্ট জেমস পার্কে ম্যাচের ৩৩ মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথম ১১ ম্যাচের মধ্যে দশম জয় তুলে নেওয়ার পথেই ছিল মিকেল আর্তেতার দল। কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। হার্ভি বার্নস ও মালিক থিয়াওয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ননি মাদুয়েকের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এই ড্রয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তবে রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন হাল সিটিকে হারাতে পারলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমে তিন পয়েন্টে নেমে আসবে।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে মাদুয়েকে বলেন, ‘দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিট আমাদের মান অনুযায়ী মোটেও ভালো ছিল না। এরপর ঘরের মাঠে এই দল ও দর্শকদের আত্মবিশ্বাস ফিরে পেলে তাদের সামলানো কঠিন।’

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ম্যাচে ফিরে আমরা চরিত্রের পরিচয় দিয়েছি। তবে শেষ পর্যন্ত ২-২ ফলই সম্ভবত ন্যায্য।’

চেলসিকে ৪-১ গোলে হারালো লিডস

নিজেদের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি। এই হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে জাবি আলোনসোর দল। অন্যদিকে জয়ে চেলসিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিডস।

চেলসির হয়ে নিজের প্রথম পূর্ণাঙ্গ ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এমানুয়েল এমেগা। তবে প্রথমার্ধেই সমতা ফেরান নোয়াহ ওকাফর। বিরতির পর ভেঙে পড়ে চেলসির রক্ষণ। পেনাল্টি থেকে গোল করে লিডসকে এগিয়ে দেন ডমিনিক কালভার্ট-লুইন। পরে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ওকাফর।

ম্যাচের শেষ দিকে ব্রেন্ডেন অ্যারনসন গোল করে লিডসের বড় জয় নিশ্চিত করেন। ১৯৯৯ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে এটিই লিডসের প্রথম জয়। ম্যাচ শেষে চেলসি সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় খেলোয়াড়দের। লিগে চার ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় হার।

ম্যাচ শেষে চেলসি কোচ আলোনসো বলেন, ‘আমরা যে আত্মবিশ্বাস নিয়ে খেলছিলাম, তার কিছুটা হারিয়ে ফেলেছি। সময়টা কঠিন, তবে একসঙ্গে এই পরিস্থিতি পার করে সমাধান খুঁজে বের করতে হবে।’

পয়েন্ট হারালো ম্যানচেস্টার সিটিও

নিজেদের মাঠে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৬ মিনিটে সাবেক সিটি খেলোয়াড় অস্কার ববের পাস থেকে গোল করে ফুলহামকে এগিয়ে দেন রদ্রিগো মুনিজ। ৫৭ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান এলিয়ট অ্যান্ডারসন। নটিংহাম ফরেস্ট থেকে সিটিতে যোগ দেওয়ার পর লিগে এটিই তার প্রথম গোল।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে। ম্যাচ শেষে ইতিহাদ স্টেডিয়ামে দুয়োধ্বনি শোনা যায়। এদিকে নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে ফুলহাম।

বোর্নমাউথ ও টটেনহ্যামের জয়

ইভানিলসনের টানা ষষ্ঠ লিগ ম্যাচে গোলের সুবাদে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথ। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। জাস্টিন ক্লুইভার্টও একটি গোল করেন। কোচ মার্কো রোজের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিয়ে ক্লাবের নতুন রেকর্ড গড়েছে বোর্নমাউথ।

জয়ের পর রোজ বলেন, ‘আজ রাতে আমি হাসব, তবে শুধু পয়েন্ট টেবিলের অবস্থানের জন্য নয়— আমরা জিতেছি বলেই।’

টটেনহ্যাম হটস্পারের হয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম শুরুর একাদশে খেলার ম্যাচেই প্রথম সিনিয়র গোল পেয়েছেন ১৮ বছর বয়সী লুকা উইলিয়ামস-বারনেট। তার গোলে ইপসউইচ টাউনকে ২-০ ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম।

এদিকে তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষায় পড়েছেন থমাস ফ্রাঙ্ক। কভেন্ট্রি সিটির মাঠে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল প্যালেস। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

অন্যদিকে অ্যাস্টন ভিলা নিজেদের মাঠে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

/এনএ 

Logo