×
Logo

খেলাধুলা

স্ল্যাপ ফাইটিং: আধুনিক ক্রীড়া নাকি বিনোদনের মোড়কে মস্তিষ্ক ধ্বংসের খেলা?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

স্ল্যাপ ফাইটিং: আধুনিক ক্রীড়া নাকি বিনোদনের মোড়কে মস্তিষ্ক ধ্বংসের খেলা?

সাধারণত কাউকে থাপ্পড় মারা চরম অপমানজনক বা ফৌজদারি অপরাধ হিসেবেই ধরা হয়। কিন্তু এই থাপ্পড় মারাই যদি হয় প্রাতিষ্ঠানিক কোনো খেলা এবং এর জন্য যদি থাকে লাখ লাখ টাকার প্রাইজমানি, তবে কেমন শোনায়? প্রশ্ন ওঠে— এটি কি নিছকই বিনোদন নাকি মস্তিষ্কের জন্য বিপজ্জনক এক অনুঘটকও।

তবে, অবাক শোনালেও বিশ্বের ক্রীড়াঙ্গনে এখন আনুষ্ঠানিকভাবে ঝড় তুলেছে 'স্ল্যাপ ফাইটিং' নামের এক অদ্ভুত ও রোমাঞ্চকর পেশাদার খেলা!

শুরুতে রাশিয়া ও পূর্ব ইউরোপের কিছু আন্ডারগ্রাউন্ড আসরে এটি প্রচলিত থাকলেও, ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় মিক্সড মার্শাল আর্ট সংস্থা ইউএফসির প্রেসিডেন্ট ডানা হোয়াইট এটিকে আন্তর্জাতিক পেশাদার রূপ দেন। গড়ে তোলেন 'পাওয়ার স্ল্যাপ' নামের অফিশিয়াল লিগ, যা যুক্তরাষ্ট্রের নেভাদা অ্যাথলেটিক কমিশনের পূর্ণ স্বীকৃতিপ্রাপ্ত খেলার মর্যাদা পায়।

এই খেলার নিয়মকানুন খুবই নির্দিষ্ট ও কড়া। বক্সিং রিংয়ের মতো এখানেও নির্দিষ্ট ওজনের ক্যাটাগরি এবং রাউন্ড থাকে (সাধারণত ৩ থেকে ৫)।

ম্যাচের সময় দুই প্রতিযোগী একটি টেবিলের দুপাশে মুখোমুখি দাঁড়ান। টসের মাধ্যমে নির্ধারণ হয় কে প্রথম আঘাত করবেন।

এরপর প্রতিযোগী ৩০ সেকেন্ড সময় পান নিজেকে প্রস্তুত করতে এবং প্রতিপক্ষের গালে সর্বশক্তিতে খালি হাতে একটি থাপ্পড় মারেন।

এই খেলার সবচেয়ে অবিশ্বাস্য নিয়ম হলো-আঘাত যে গ্রহণ করবে, সে কোনো অবস্থাতেই নিজেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ হাত দিয়ে ঠেকানো, মাথা নাড়ানো, কাঁধ উঁচু করা বা পিছু হটা সম্পূর্ণ নিষিদ্ধ: হাত রাখতে হয় পেছনে বা বেল্ট ধরে। কোনো প্রতিযোগী আত্মরক্ষার চেষ্টা করলে তাকে 'ফাউল' ধরা হয়।

কোনো খেলোয়াড় আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলে রেফারির ১০ সেকেন্ডের কাউন্টের মধ্যে উঠে দাঁড়াতে হয়। নকআউট না হলে বিচারকরা আঘাতের তীব্রতা ও ক্ষমার ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়ে বিজয়ী নির্ধারণ করেন।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম আলোচিত ও রোমাঞ্চকর এই খেলাটি বর্তমানে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে বিপুল উন্মাদনা তৈরি করেছে।

খেলাটি দ্রুত জনপ্রিয়তা পেলেও চিকিৎসক ও বিশেষজ্ঞদের মধ্যে এটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। যেহেতু আঘাত প্রতিহত করার কোনো সুযোগ থাকে না, তাই সরাসরি মুখমণ্ডলে প্রচণ্ড আঘাতের ফলে প্রতিযোগীদের কনকাশন এবং মস্তিষ্কে দীর্ঘমেয়াদী গুরুতর ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন এবং পরবর্তী কয়েকটি গবেষণায় পাওয়ার স্ল্যাপের ম্যাচগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৭৮% থেকে ৮০% প্রতিযোগী ম্যাচ চলাকালীন মস্তিষ্কে আঘাত বা কনকাশনের দৃশ্যমান লক্ষণ দেখান।

প্রতি তিনটি থাপ্পড়ের মধ্যে প্রায় একটিতে প্রতিযোগীদের মধ্যে শারীরিক ভারসাম্য হারানো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, খিঁচুনি এবং আঘাতের পর উঠে দাঁড়াতে অস্বাভাবিক দেরি হওয়ার মতো মারাত্মক স্নায়বিক লক্ষণ দেখা যায়।

গবেষণায় আরও দেখা গেছে, একবার কনকাশনের লক্ষণ দেখা দেওয়ার পরও অনেক প্রতিযোগী খেলা চালিয়ে যান এবং পরের রাউন্ডে আবারও আঘাত পান, যা মস্তিষ্কের জন্য প্রাণঘাতী হতে পারে।

এমনকি বারবার মাথায় প্রচণ্ড আঘাতের ফলে মস্তিষ্কে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (CTE) নামক এক ধরনের জটিল রোগ তৈরি হতে পারে। এর ফলে ভবিষ্যতে স্মৃতিশক্তি লোপ পাওয়া, তীব্র বিষণ্ণতা, আচরণগত পরিবর্তন এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

রয়েছে মৃত্যুর নজিরও। ২০২১ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত 'পাঞ্চডাউন' নামক এক স্ল্যাপ ফাইটিং প্রতিযোগিতায় নকআউট হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ৪৬ বছর বয়সী পোলিশ প্রতিযোগী আর্তুর ওয়ালচাক কোমায় চলে যান এবং কয়েক সপ্তাহ পর মৃত্যুবরণ করেন।

যুক্তরাষ্ট্রের ব্রেইন ইনজুরি অ্যাসোসিয়েশন এবং শীর্ষস্থানীয় নিউরোসার্জনরা এই খেলাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাদের মতে, নেভাদা স্টেট অ্যাথলেটিক কমিশনের মতো সংস্থাগুলোর এই খেলাকে বৈধতা দেওয়া চরম দায়িত্বজ্ঞানহীন কাজ।

সমালোচকদের মতে, এটি কোনো কৌশলগত ক্রীড়া নয়; বরং অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রতিযোগীদের মস্তিষ্কের স্থায়ী ক্ষতিকে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন হিসেবে বিক্রি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরাও এই খেলার সম্প্রচার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, পাল্টা যুক্তি রয়েছে আয়োজকদেরও। পাওয়ার স্ল্যাপের আয়োজক এবং ডানা হোয়াইট দাবি করেন যে, তাদের প্রতিটি ইভেন্টের আগে প্রতিযোগীদের কঠোর মেডিকেল পরীক্ষা (যেমন—ব্রেন স্ক্যান, রক্ত পরীক্ষা ও চোখের পরীক্ষা) করা হয়। তাদের যুক্তি হলো, বক্সিং বা এমএমএ-তে একজন খেলোয়াড় একটি ম্যাচে বা অনুশীলনে শত শত ঘুষি খান, কিন্তু স্ল্যাপ ফাইটিংয়ে একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ থেকে ৫টি আঘাত পান, যা তাদের মতে তুলনামূলক কম ক্ষতিকর। তবে চিকিৎসা বিজ্ঞানীরা এই যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

খেলাটি বড় পরিসরের আসর যেমন মহাদেশীয় কিংবা অলিম্পিকে  ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত নয়। দর্শক হিসেবে অনেকেই এটিতে মজা পান, আবার কেউ বিরক্তও হোন। আধুনিক এই পৃথিবীতে বিনোদন-বিপজ্জনক এই শব্দ দুটিকে যেন সমান্তরালে নিয়ে এসেছে এই স্ল্যাপ ফাইটিং।

/এমএইচআর

Logo