×
Logo

খেলাধুলা

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার মেসি, বছরে পান ২৮.৩ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার মেসি, বছরে পান ২৮.৩ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই অধিনায়কের বার্ষিক পারিশ্রমিক ২৮.৩ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর), প্রকাশিত খেলোয়াড়দের পারিশ্রমিকসংক্রান্ত তালিকায় এ তথ্য জানিয়েছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

তালিকায় মেসির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১৯.৫১ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা ও অরল্যান্ডো সিটির ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান। তার পারিশ্রমিক ১৩.৯৪ মিলিয়ন ডলার।

তালিকা অনুযায়ী, গত বছরের তুলনায়, মেসির পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮ মিলিয়ন ডলার। তবে এই হিসাবের মধ্যে কেবল ফুটবল খেলার জন্য পাওয়া পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞাপন, স্পনসরশিপ কিংবা অন্যান্য উৎস থেকে পাওয়া আয় এতে যুক্ত হয়নি।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। পরে, গত বছর, ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এমএলএসের প্রকাশিত তালিকায় মেসির পর রয়েছেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানডোভস্কির পারিশ্রমিক ১৯.৫১ মিলিয়ন ডলার। চলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।

তৃতীয় স্থানে থাকা আঁতোয়ান গ্রিজম্যানের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১৩.৯৪ মিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ও লস অ্যাঞ্জেলেস এফসির ফুটবলার সন হিউং-মিন। তার পারিশ্রমিক ১১.১৫ মিলিয়ন ডলার।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১০.৮১ মিলিয়ন ডলার।

শুধু ব্যক্তিগত পারিশ্রমিকেই নয়, খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকের হিসাবেও এমএলএসে শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫৯.৩৭ মিলিয়ন ডলার।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। তাদের খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৪১.২৯ মিলিয়ন ডলার। ৩৮.৩৫ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আটলান্টা ইউনাইটেড।

এছাড়া ৩৪.৯১ মিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এবং ৩২.৯১ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি।

অন্যদিকে, খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক্লাবটির মোট নিশ্চিত পারিশ্রমিক ১২.৬৪ মিলিয়ন ডলার। ১৩.৩০ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে স্পোর্টিং কানসাস সিটি এবং ১৪.৫৫ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ডিসি ইউনাইটেড।

/এআই 

Logo