×
Logo

খেলাধুলা

২০৩০ সাল থেকে ফর্মুলা ওয়ানে ফিরছে 'ভি-৮' ইঞ্জিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

২০৩০ সাল থেকে ফর্মুলা ওয়ানে ফিরছে 'ভি-৮' ইঞ্জিন

ফর্মুলা ওয়ানে (এফ-১) বর্তমান 'ভি-৬' হাইব্রিড ইঞ্জিনের পরিবর্তে, ২০৩০ সাল থেকে 'ভি-৮' ইঞ্জিন চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা। নতুন ইঞ্জিনে শব্দের তীব্রতা বাড়ার পাশাপাশি প্রযুক্তিগত কাঠামোও তুলনামূলক সরল হবে। লাস ভেগাস গ্রাঁ প্রি'র আগে এমন তথ্য জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ কর্মকর্তারা।

ম্যাকলারেনের প্রধান নির্বাহী জ্যাক ব্রাউন বলেন, ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। এখন কেবল চূড়ান্ত কিছু আনুষ্ঠানিকতা বাকি। আলপাইনের কার্যত দলপ্রধান ফ্লাভিও ব্রিয়াতোরেও একই কথা জানিয়েছেন।

ইতালীয় এই কর্মকর্তা বলেন, ‘মূলত আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও এখনো চুক্তিতে স্বাক্ষর হয়নি, তবে ২০৩০ সাল থেকে ভি৮ ইঞ্জিন চালুর বিষয়ে সবাই একমত হয়েছেন বলেই মনে হচ্ছে।’

নতুন ইঞ্জিন ব্যবস্থাকে স্বাগত জানিয়ে ব্রিয়াতোরে বলেন, দর্শকদের জন্য আরও আকর্ষণীয় রেসিং নিশ্চিত করতে জোরালো শব্দ তৈরি করে এমন সহজ কাঠামোর ইঞ্জিন প্রয়োজন। তার মতে, দর্শকসহ সবার জন্য সরল প্রযুক্তির ইঞ্জিন এবং এর গর্জনই হতে পারে সেরা অভিজ্ঞতা।

উল্লেখ্য, ম্যাকলারেন-আলপাইন: দুই দলই বর্তমানে মার্সিডিজের তৈরি ইঞ্জিন ব্যবহার করছে।

এদিকে, ক্যাডিলাকের ড্যান টাওরিসও ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ২০২৯ সালের শেষ পর্যন্ত ফেরারির ইঞ্জিন ব্যবহার করবে ক্যাডিলাক। এরপর ২০৩০ সাল থেকে নিজেদের তৈরি 'ভি-৮' ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে দলটির।

টাওরিস জানান, আগামী ১৮ ডিসেম্বর, তাদের নতুন পাওয়ার ইউনিট তৈরির কারখানা উদ্বোধন করা হবে। নতুন নির্মাতা, হিসেবে ফর্মুলা ওয়ানে প্রবেশের ক্ষেত্রে ইঞ্জিনের এই পরিবর্তনের দিকনির্দেশনা তাদের জন্য সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, চলতি সপ্তাহে, আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) সভাপতি মোহাম্মদ বেন সুলায়েমও ২০৩০ সাল থেকে ফর্মুলা ওয়ানে ভি৮ ইঞ্জিন ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

ফর্মুলা ওয়ানে সর্বশেষ প্রাকৃতিকভাবে বাতাস টেনে জ্বালানি পোড়ানো 'ভি-৮' ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এরপর ২০১৪ সালে প্রতিযোগিতায় যুক্ত হয় 'ভি-৬' টার্বো-হাইব্রিড ইঞ্জিন। দীর্ঘ বিরতির পর ২০৩০ সালে আবারও ভি৮ ইঞ্জিন ফেরানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে ফর্মুলা ওয়ানের ইঞ্জিন প্রযুক্তিতে বড় পরিবর্তন আসবে।

/এআই

Logo