আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছেন না নিকো পাজ, মনোযোগ খেলায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম
আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় তরুণ নিকো পাজ। তবে এসব নিয়ে ভাবছেন না ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। নিজের খেলায় মুগ্ধতা ছড়িয়ে আপাতত ফুটবলটাই উপভোগ করতে চান তিনি। মেসির উত্তরাধিকার নিয়ে ভাবার চেয়ে নিজের পরিচয় গড়ে তোলাতেই মনোযোগ এই তরুণ আর্জেন্টাইনের।
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবল বিশ্বে জোর আলোচনা চলছে। আলোচনার কেন্দ্রে তরুণ নিকো পাজ। তবে মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকলেও ঐতিহাসিক এই জার্সি নিয়ে আপাতত কোনো মাথাব্যথা নেই তার।
মাঠেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন পাজ। কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলের বড় জয়ে করেছেন জোড়া গোল। ম্যাচের সপ্তম মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রথম গোলটি করেন। প্রথমার্ধের শেষ দিকে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে করেন দ্বিতীয় গোল। দুই পায়ের দক্ষতায় বুঝিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি।
দারুণ প্রথম টাচ, বাঁ পায়ের জোরালো শট আর অসাধারণ দূরদৃষ্টি নিয়ে আলোচনায় থাকেন নিকো পাজ। তবে তার সবচেয়ে বড় শক্তি পজিশনিং। সতীর্থ ও প্রতিপক্ষের অবস্থান বুঝে নিখুঁতভাবে জায়গা তৈরি করতে পারেন তিনি। ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেয়ে রক্ষণের খেলোয়াড়দের নিজ নিজ অবস্থান থেকে বের করে আনতেই বেশি দক্ষ এই তরুণ। এ কারণেই কোমোর কোচ তাকে উইং থেকে সরিয়ে মাঝমাঠের ১০ নম্বর পজিশনে খেলাচ্ছেন।
জাতীয় দলের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন পাজ। এমন পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থরাও। বলিভিয়ার বিপক্ষে জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, পাজই হতে পারেন নতুন ১০ নম্বর। তবে পাজের মনোযোগ ফুটবল উপভোগ করায়।
নিকো পাজ বলেন, সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো আজকের মতো দিনগুলো উপভোগ করা। মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এ কারণেই আমি খেলি। এভাবেই চালিয়ে যেতে চাই।
মেসির ১০ নম্বর জার্সি মানেই এক আবেগ, এক ইতিহাস। সেই উত্তরাধিকার বহন করা সহজ নয়। তবে নিকো পাজের সামনে সুযোগ আছে নিজের গল্প লেখার। মেসির ছায়া থেকে বেরিয়ে একদিন নিজের আলোয় আলোকিত হওয়ার।
/এসআইএন