এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেলো বাফুফে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সংস্থাটি। পাশাপাশি ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারের রুবি ক্যাটাগরিতেও সম্মাননা অর্জন করেছে বাফুফে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।
চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত উভয় ক্যাটাগরিতেই সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এ অর্জনকে।
এর আগে ২০২৫ সালে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। ফলে টানা দুই বছর এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। এবার এর সঙ্গে যুক্ত হলো মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরির সম্মাননাও।
এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার ২০২৬ – রুবি ক্যাটাগরি
এ পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য মূল্যায়ন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আওতায় আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়ন, কোচিং ও রেফারিং কোর্স, নারী ফুটবলের অগ্রগতি, সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ এবং বিভিন্ন ফুটবল আয়োজন ও কার্যক্রম বিবেচনা করা হয়।
এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল ২০২৬ – সিলভার ক্যাটাগরি
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও উন্নয়নে সদস্য দেশগুলোর কার্যক্রম এবং অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এ ক্ষেত্রে গ্রাসরুটস ফুটবলের উন্নয়নমূলক উদ্যোগ, প্রতিযোগিতা আয়োজন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, কোচিং কোর্স ও কর্মশালা, বিনিয়োগ এবং বিভিন্ন ফুটবল আয়োজনের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
এএফসির এই দুটি সম্মাননা বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন পর্যায়ে ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বাড়ানো এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাফুফের চলমান প্রচেষ্টায় এ স্বীকৃতি নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
/এনএ