২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
তুরস্কের মিডফিল্ডার আর্দা গুলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থাকবেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) গুলারের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে সই করার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই তুর্কি মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ১৬ ম্যাচের ১৪টিতে খেলেছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। গোল করেছেন চারটি; অ্যাসিস্ট সাতটি।
জাতীয় দলের হয়েও দারুণ খেলছেন গুলার। সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে তার ফ্রি কিক গোল নিয়ে আলোচনার শেষ নেই।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার আবার মাঠে ফিরবে রিয়াল। লা লিগায় ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।
/এমএইচআর