×
Logo

খেলাধুলা

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে চেন্নাইয়ের মেন্টর ধোনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে চেন্নাইয়ের মেন্টর ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ২০২৭ মৌসুমের আগে নতুন দায়িত্বে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে এ ঘোষণা আসে।

সিএসকে'র মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, 'এমএস ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে সাফল্য, ব্যর্থতা এবং এর মধ্যবর্তী সবকিছুতে আমরা একসঙ্গে পথ চলেছি ও বেড়ে উঠেছি।'

তিনি বলেন, 'আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে। ২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্তে পরিণত হয়েছে। ফ্র্যাঞ্চাইজির হয়ে তার সব অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে সে যেমন, সে কারণেই। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই জায়গা সব সময়ই তার ঘর হয়ে থাকবে'

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই সিএসকেতে যোগ দেন ধোনি। দলটির সঙ্গে ১৭ মৌসুমের সম্পর্কের মধ্যে তার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জেতে চেন্নাই। তবে দুই বছরের জন্য আইপিএল থেকে সিএসকে নিষিদ্ধ থাকায় ২০১৬ ও ২০১৭ মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।

৪৫ বছর বয়সী ধোনি আইপিএল ক্যারিয়ার শেষ করেছেন ৩৮.৩০ গড়ে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে। তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫।

ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে সিএসকে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হয়ে উঠেছেন তিনি। এ ছাড়া তার নেতৃত্বে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে চেন্নাই, যা প্রতিযোগিতাটিতে কোনো অধিনায়কের সর্বোচ্চ সাফল্য।

২০০৮ থেকে ২০২৬-প্রায় দুই দশক। এই দীর্ঘ সময়ে কখনও নায়ক, কখনও অধিনায়ক,কখনও ফিনিশার আর এখন মেন্টর। তবে আর দেখা যাবে না সেই হেলিকপ্টার শট। কিন্তু ক্রিকেটে কিছু মানুষ থাকেন, যাদের বিদায় মানেই শেষ নয়। তাদের গল্প থেকে যায়- রেকর্ডে, ট্রফিতে, ছবিতে আর কোটি মানুষের স্মৃতিতে। মহেন্দ্র সিং ধোনির গল্পটাও তেমনই।

/এমএইচআর

Logo