সাফ চ্যাম্পিয়নশিপ
পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এ নিয়ে দশমবারের মতো ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলো টিম ইন্ডিয়া।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মহারণে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরুতে অবশ্য বেশিরভাগ সময় ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ চালায় পাকিস্তান। একাধিক সুযোগ তৈরি করলেও ভারতীয় গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না পাকিস্তান।
প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশেষে গোলের দেখা পায় পাকিস্তান। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে জুনায়েদ শাহর বাড়ানো বল ডিফেন্ডার লুংডিমের গায়ে লেগে আলমগীর গাজির কাছে পৌঁছায়। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি। ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় পাকিস্তান।
বিরতির পর শুরুর দিকেও আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। ৫১ মিনিটে বিষ্ণুর শট পাকিস্তানের গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে আঘাত করে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় ভারতের।
ম্যাচের ৫৯তম মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্দেসের পায়ে লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন জুনায়েদ শাহ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখানোর এক মিনিট পরই সমতায় ফেরে তারা। ডান দিক থেকে লুংডিমের ক্রস পেয়ে ম্যাককার্টনের নেওয়া শট ঠিকমতো না হলেও বল পেয়ে যান সুহাইল ভাট। প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠিয়ে ১-১ করেন তিনি।
নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে নাটকীয় মুহূর্ত উপহার দেন সানদীপ মান্ডি। ৮৮ মিনিটে কর্নার থেকে আবদুল রাবিহের বাড়ানো বল মাথা ছুঁইয়ে জালে পাঠান ভারতের এই ডিফেন্ডার।
শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। তবে ভারতের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় পাকিস্তানি ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
/এমএইচআর