×
Logo

খেলাধুলা

সিঙ্গাপুরকে ৭ গোল দিলো ব্রাজিল, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

সিঙ্গাপুরকে ৭ গোল দিলো ব্রাজিল, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিলো সফরকারীরা। ম্যাচের ৯ম মিনিটে ডেডলক ভাঙেন ভিনি। এরপর ১৫ ও ২১ মিনিটের দিকে আরও দুইটি লক্ষ্যভেদ করেন এ রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলের জার্সিতে ভিনির এটিই প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের ৩১তম মিনিটে এনদ্রিক গোল করলে ৪-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

বিরতির পর আবারও চিরচেনা ছন্দে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে গোল করেন উইলিয়ান। এরপর ৬৫তম মিনিটে রায়ান।

৭৪তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন সিঙ্গাপুরের রাউল সুহাইমি। সিঙ্গাপুর অবশ্য শেষদিকে বেশ কয়েকটি আক্রমণের চেষ্টা চালায়। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিক দলের ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

/এমএইচআর

Logo