শেষ সেশনে ৩ উইকেট তুলে দিন শেষ করলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
জোহানেসবার্গ টেস্ট প্রথম ইনিংসে বাংলাদেশের রেকর্ড ৪০০ রানের জবাবটা ভালোভাবে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। মার্কুয়েস অ্যাকারম্যানের দেড়শতাধিক রানের ইনিংসে ৪ উইকেট ২৮৭ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও এগিয়ে ১১৩ রানে।
জোহানেসবার্গে ব্যাট হাতে বড় পুঁজি পাবার পর বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই দারুণ ডেলিভারিতে মার্করামকে ফেরান হাসান মাহমুদ। ৫ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।
এরপরের গল্পটা কেবল হতাশার। তাসকিনের নো বল, আম্পায়ার্স কলে সুযোগ মিস হওয়ায় লম্বা পার্টনারশিপ গড়েন অ্যাকারম্যান ও যুবায়ের হামজা। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই পায়নি বাংলাদেশ।
দিনের শেষ সেশনের শুরুতে চড়াও হয় অ্যাকারম্যান ও হামজা। ১২৫ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন অ্যাকারম্যান। এই দুই ব্যাটারের জুটি যখন ২০২তে, তখন বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন মুমিনুল হক সৌরভ। দারুণ এক টার্নিং ডেলিভারিতে ৮৩ রান করা হামজাকে ফেরান এই পার্টটাইমার।
তবে চলতে থাকে অ্যাকারম্যানের আধিপত্য। বিশেষ করে মেহেদি হাসান মিরাজের ওপর চড়াও হন এই ব্যাটার। ২১টি বাউন্ডারিতে ১৬০ বলে দেড়শ' রানের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর হাসান মাহমুদের দারুণ এক স্পেলে লড়াই জমিয়ে তোলেন। ১৫৭ রানে অ্যাকারম্যানকে সাজঘরে পাঠান হাসান। ২৬৮ রানে তৃতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। তবে হাসান এখানেই থামেননি, ম্যাথু ব্রিটস্কিকে মাত্র দুই রানে লিটনের গ্লাভসবন্দি করান। শূন্য রানে রায়ান রিকেলটনকেও পরাস্ত করেছিলেন হাসান। কিন্তু এবার ক্যাচ নিতে ব্যর্থ হন লিটন দাস।
এর আগে, দিনের শুরুতে আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৯২ রান নিয়ে ব্যাটিং শুরু করেন লিটন। উইকেটরক্ষক এই ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মেহেদি মিরাজ। ১০ রান করে প্যাটারসনের পেসে কাটা পড়েন মিরাজ। ১২০ রান করে সাজঘরের পথ ধরেন লিটন। কিন্তু ততোক্ষণে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়ে যায় ৩৭০ রান। এরপর হাসান মাহমুদের ১৬ আর তাসকিনের ১৭ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৪০০ রানের পুঁজি পায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে উপমহাদেশের প্রথম দল হিসেবে সিরিজের প্রথম ইনিংসেই ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ। যা করতে পারেনি ভারত-পাকিস্তানের মতো দলও।
/এএম