×
Logo

খেলাধুলা

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনহো

৪৬ বছর বয়সে অবসর ভেঙে আবারও মাঠে নামলেন রোনালদিনহো। ক্যাম্প ন্যু কিংবা স্যান সিরো নয়; ইতালির ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে আরও একবার সবুজ গালিচায় এই ব্রাজিলিয়ান তারকা। ক্যারিয়ারের পড়ন্ত বেলা অনেক আগেই পার করলেও চিরচেনা ১০ নম্বর জার্সি সঙ্গী হয়েছে তার।

এক দশকেরও বেশি সময় আগে ফ্লুমিনেন্সের হয়ে রোনালদিনহো খেলেছিলেন এর আগের সবশেষ ম্যাচ। ২০১৮ সালে তার ভাই রবার্তো আসিস জানিয়ে দিয়েছিলেন অবসরের কথা। তবে ইতালির ছোট এক শহরে ৭ হাজার দর্শকের সামনে রাভেন্নার হয়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের লিগে ফোর্লির বিপক্ষে অঞ্চলিক ডার্বিতে প্রথম একাদশেই দেখা মিলল তার।

সময় ও স্রোত যেমন কারও জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি রোনালদিনহোর জন্যও তা অপক্ষো করেনি। ৪৬ বছর বয়সটা মাঠে সঙ্গ না দিলেও ফুটবলের প্রতি নিবেদন কমেনি এই ব্রাজিলিয়ান তারকার।

প্রত্যাবর্তনের ম্যাচে ছিলনা চোখ ধাঁধানো কোনো ড্রিবলিং কিংবা ফ্রি-কিক। ৩০ মিনিট খেলার কথা থাকলেও প্রথমার্ধের পুরো সময়টায় মাঠে ছিলেন তিনি। ৪৫ মিনিট পর ড্রেসিংরুমে ফেরার সময় পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে অভিবাদন জানায় রোনালদিনহোকে। এই তারকা যে ফুটবলের রঙিন স্মৃতি তা যেন আরও একবার মনে করিয়ে দিলেন দর্শকরা।

রোনালদিনহোর প্রত্যাবর্তনের ম্যাচকে ঘিরে উৎসাহের কোনো কমতি ছিল না ভক্তদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ থেকে শুরু করে ১০ নম্বর জার্সিটিও নিজেদের সংরক্ষণে রাখেন তারা। আবারও এই তারকাকে চোখের সামনে খেলতে দেখার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে নারাজ তারা।

মাঠজুড়ে যে মানুষটা হাঁটছিলেন তার আসলে কোথাও পৌঁছানোর তাড়া ছিল না। বরং ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো এই মানুষটি এসেছিলেন কেবল আরও একটিবার বলটাকে ছুঁয়ে দেখতে; রোমন্থন করতে পুরনো স্মৃতি। প্রত্যাবর্তনের ম্যাচে রোনালদিনহোকে তার দল রাভেন্না এফসি উপহার দেয় ২-০ গোলের জয়। 

২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। তবে রাভেন্নার সভাপতি ও তার দীর্ঘদিনের বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানি জুন মাসে ক্লাবটিতে রোনালদিনহোর যোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্লাবটির মালিকানার অংশীদারত্বও নেন সাবেক এই তারকা।

উল্লেখ্য, ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি'অর। আর বার্সেলোনার হয়ে ২০০৬ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এসি মিলানের হয়েও খেলেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।

/এমএইচআর

Logo