উয়েফা নেশনস লিগ
শেষ আটে ফ্রান্স-বেলজিয়াম, হেরেও ইংল্যান্ডের সঙ্গী স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও ইংল্যান্ড। ঘরের মাঠে দশ জনের ইংল্যান্ডের কাছে হেরে টানা জয়রথ থেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। ইতালিকে উড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। পাশাপাশি তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা রেখেছে ফরাসিরা।
রোববার (১৬ নভেম্বর) 'লিগ এ'-এর আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।
এদিন ঘরের মাঠে স্পেনের জন্য টানা ৪৩ জয়ের ধারাবাহিকতায় ছেদ ঘটেছে। অবশ্য এটি ছিলো ইংল্যান্ডের জন্য প্রতিশোধের ম্যাচও। হাইভোল্টেজ সেই ম্যাচে ১০ জনের দল নিয়ে জয় দিয়ে স্পেনের জয়রথ থামিয়েছে থ্রি লায়ন্সরা।
আসরের প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগের এই দ্বৈরথে ম্যাচের শুরুর থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় ইংল্যান্ড। যদিও প্রথম গোলের দেখা পেতে সময় লেগেছে ৪৫ মিনিট। কাউন্টার অ্যাটাকে ডি-বক্সে ফাউলের শিকার হন হ্যারি কেইন। এরপর পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন এই স্ট্রাইকার। ম্যাচের ৫৩তম মিনিটে ডেক্লান রাইসের কর্নারে বক্সের বাইরে থেকে হেডে জালে বল জড়ান এজরি কন্সা। চার মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন বেন হোয়াইট।
৬৩ মিনিটে ফাউল করে এলিয়ট এন্ডারসন লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। পাওয়া পেনাল্টি থেকে স্পেনের জালে প্রথম গোল করেন ওয়াইরজাবাল। ৭৫ মিনিটে ইয়ামালের বাড়ানো পাস থেকে ব্যবধান কমান নিকো উইলিয়ামস। শেষ পর্যন্ত আর গোলের দেখা না পেলে থ্রি লায়ন্সদের কাছে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
এদিকে হতাশার ঘোর মেঘ কেটে আর বের হতে পারেনি চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বেলজিয়ামের কাছে ৪-১ গোলের পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আজ্জুরিরা।
প্রতিপক্ষের মাঠে পিও এসপোসিতর পায়ে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় ইতালি। এরপর ১৫ মিনিটের ব্যবধানে আজ্জুরিদের জালে ৩ গোল। ১৫ মিনিটে ডি কাইপার, ২২ মিনিটে নাথান এনগয় আর ২৬ মিনিটে স্কোর লাইন ৩-১ করেন জেরেমি ডকু। পাল্টাপাল্টি আক্রমণে আর বেলজিয়ামের জাল খুজে পায়নি ইতালি। তবে ৮০ মিনিটে আজ্জুরিদের কফিনে শেষ পেরেক ঠুক দেন দিয়েগো মোরেইরা। তাতে বড় জয়ে গ্রুপ রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম।
একই গ্রুপের আরেক লড়াইয়ে তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রেখেছে ফ্রান্স। প্রথমার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা, দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলে লিড নেয় ফরাসিরা
ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুপি। জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড। এরপর ৯০ মিনিটে হেড থেকে ব্যবধান কমান আব্দুল কেরিম, তাতে ২-১ গোলের জয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল ফ্রান্স। একাধিক সুযোগ পেলেও এ ম্যাচে প্রতিপক্ষের জাল খুজে পাননি ইনজুরি কাটিয়ে ফেরা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
/এমএইচআর