জোহানেসবার্গ টেস্ট
রাবাদার ফাইফার, হৃদয়-লিটনের ব্যাটে পাল্লা দিয়ে ছুটছে বাংলাদেশও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
জোহানেসবার্গ টেস্টে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার ফাইফারের বিপরীতে ভালোই লড়াই চালাচ্ছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ২৫১ রান। প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রাবাদা।
রোববার (১৫ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দিনের প্রথম বলেই অভিষিক্ত মাহফুজুল ইসলাম রবিনকে সাজঘরে পাঠান কাগিসো রাবাদা। ইয়ানসেনের তালুবন্দি হয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি।
নতুন ব্যাটার মুমিনুলও সুবিধা করতে পারেননি। দলীয় ২ রানে ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যাটার।
অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটও হাসেনি এদিন। ব্যাক্তিগত ১২ রানে রাবাদার বলেই বোল্ড হন তিনি। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর নতুন জুটি গড়েন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের পার্টনারশিপে যোগ হয় ৯৯ রান। ব্যক্তিগত ৬৭ রানে রাবাদার বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার তামিম। এরপর মুশফিককেও শূন্য হাতে বিদায় করেন এ পেসার।
পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশ ফের চাপে পড়লে এবার হৃদয়কে সঙ্গ দেন লিটন দাস। সমান তালে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন এই দুই ব্যাটার। উভয়ই তুলে নেন অর্ধশতক।
প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে থাকা হৃদয় ও লিটনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮৪ ও ৭০ রান।
রাবাদা ছাড়া স্বাগতিক বোলারদের কেউই খুলতে পারেননি উইকেটের খাতা।
/এমএইচআর