৫ম ওয়ানডে
২২ রানের জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু'রা। সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়।
এই জয়ের মধ্য দিয়ে ২০১৯ সালের পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ভারত। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল সফরকারীরা।
রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২৩ রানে রোহিত শর্মার উইকেট হারায় দলটি। এরপর কোহলি ৭ বলে ৫ রান করে ম্যাথিউ ফিশারের শিকার হন। পরের ওভারে জ্যাকব ডাফির বলে বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৭ বলে ১৮ রান করেন তিনি। ফলে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেল। দুজনের ৫৫ বলে ৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস পায় ভারত। আইয়ার ২২ রান করে আউট হলেও আক্সারের ব্যাটে আসে ৪৬ রান।
পরে ঈশান কিশানের ৫৮ বলে ৪৬ এবং নামান ধীরের ৩১ বলে ২২ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। শেষদিকে মোহাম্মদ সিরাজ ২০ বলে ১৪ ও আর্শদীপ সিং মাত্র ৪ বলে ১৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০৯ রানে থামে সফরকারীরা।
স্বাগতিকদের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার শিকার করেন দুটি উইকেট।
জবাবে ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ২৬ রানে টিম সেইফার্টের বিদায়ের পর উইল ইয়াং ও নিক কেলি ৩৮ রানের জুটি গড়েন। ইয়াং ৪২ বলে ২২ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে কিউইরা।
নিক কেলি ২৪ ও ফিন অ্যালেন মাত্র ১ রান করে আউট হন। পরবর্তী সময়ে মাইকেল ব্রেসওয়েল ৩৫ বলে ২৪, স্যান্টনার ৩১ বলে ২৪ এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ৩৫ বলে ১৬ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। মোহাম্মদ সিরাজ ৫০ রান দিয়ে দুটি এবং আক্সার প্যাটেল ২৮ রান খরচায় দুটি উইকেট শিকার করেন।
ব্যাট হাতে ৪ বলে ১৪ রান এবং বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন আর্শদীপ সিং। পুরো সিরিজে ৯ উইকেট নিয়ে সিরিজসেরা হন গুরুনুর ব্রার।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়েলিংটনে শুরু হবে দু'দলের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
/এমএইচআর